নয়াদিল্লি: গত জুলাই মাসে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে বেনজির পুলিশি নির্যাতনের ছবি দেখেছিল গোটা দেশ। ছাত্রদের উপর পেলেট গান চালানো, মহিলা আন্দোলনকারীদের হেনস্তা সহ একাধিক অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিজেপি। পালটা পুলিশকর্মীদের উপর নির্যাতনের অভিযোগও উঠেছিল। সেই ঘটনায় প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৯-৩০ অক্টোবর পেলেট গান চালানো, মহিলা আন্দোলনকারীদের হেনস্তা সহ যাবতীয় অভিযোগ শুনবে এই তদন্ত কমিটি। সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩ টে পর্যন্ত তদন্ত কমিটির অফিসে যাবতীয় অভিযোগ করা যাবে। প্রমাণ ও নথিপত্র জমা নেওয়া হবে।
আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে পেলেট গান, হিংসা ও মহিলা বিক্ষোভকারীদের উপর নির্যাতনের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পুলিশি নির্যাতন ও সম্পত্তি ধ্বংসের বিষয়গুলিও শুনবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বাধীন এই পাঁচ সদস্যের কমিটি। এইচপিইসি ডট এনআইসি ডট ইন নামের একটি ওয়েবসাইটও তৈরি করেছে কমিটি। নাম গোপন রেখে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সাক্ষীরা এখানে নির্দিষ্ট ফরম্যাট মেনে বক্তব্য আপলোড করতে পারবেন।



