দুর্বাদল চন্দ্র, ঝালদা: বিশ্বজুড়ে ফের একবার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে উঠে এল একটি শব্দ ‘এল নিনো’। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুসারের প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। যা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এক চরম সংকট ডেকে আনতে পারে।
স্প্যানিশ শব্দ ‘এল নিনো’-র আক্ষরিক অর্থ ‘দুষ্টু বালক’। তবে প্রকৃতিতে এর প্রভাব কিন্তু মোটেও ছেলেখেলা নয়। ২০২৬-এর মাঝামাঝি থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়কালে এল নিনো আরও শক্তিশালী রূপ নিয়ে ‘সুপার এল নিনো’ হিসাবে ভয়ানক হয়ে উঠবে। এমনই আশঙ্কা বিজ্ঞানীদের। তাতে ছোটনাগপুর মালভূমি ও পুরুলিয়া জেলা বড়সড় সংকটের মুখোমুখি হবে বলে মত তাঁদের। এমনই পুরুলিয়া খরাপ্রবণ জেলা। সুপার এল নিনোর প্রভাব আছড়ে পড়লে গোটা জেলায় ভয়ানক খরা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সাধারণত জুন মাস থেকে ভারতে বর্ষার আগমন ঘটে। কিন্তু এল নিনোর প্রভাবে সেই চক্র এবার এলোমেলো হয়ে যেতে পারে। সাম্প্রতিক তথ্য বলছে, বর্ষা এবার ‘ফিটস অ্যান্ড স্টার্টস’ অর্থাৎ বিচ্ছিন্নভাবে আসছে। কোথাও হঠাৎ প্রবল ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে। পরক্ষণেই সেখানে ফিরে আসছে দাবদাহ। এটাই মূলত সুপার এল নিনোর উপসর্গ বলে বিজ্ঞানীদের মত। এখন এমন পরিস্থিতি ছোটোনাগপুর মালভূমির এলাকা গুলিতে দেখা দিচ্ছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের জলস্তরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং বাণিজ্যিক বায়ুর দিক পরিবর্তনের ফলে ভারতের বর্ষার স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি বিজ্ঞানীদের।
সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক তথা ভূ-বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ বেরা বলেন, ‘এল নিনোর ফলে বিশ্বজুড়ে আবহাওয়া চরম রূপ ধারণ করবে। এটি একটি পূর্বাভাসমাত্র। এর ভয়াবহ প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের কিছু অংশে প্রবল বৃষ্টি ও বন্যা হতে পারে। অন্যদিকে, ভারত, অস্ট্রেলিয়া, মধ্য ও দক্ষিণ-পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ অংশে বৃষ্টির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে।’ বিশ্বজিৎবাবুর মতে, ‘উত্তর-মধ্য ভারত, কর্ণাটক এবং ছোটনাগপুর মালভূমি, বিশেষত পুরুলিয়া ও ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলিতে এল নিনোর প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। যদি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হয়, তবে ভূ-গর্ভস্থ জলস্তর নিচে নেমে যাবে। তখন তীব্র পানীয় জলের সংকট ও কৃষি বিপর্যয় দেখা দিতে পারে।’ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগাম সচেতনতা এবং জলের সঠিক ব্যবস্থাপনা এই পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হতে পারে।
তবে আশার কথা, এল নিনো মানেই যে নিশ্চিত খরা, তা নয়। এটি একটি ঝুঁকির সংকেত। বলছেন বিজ্ঞানীরা।
মুরুগুমা জলাধার শুকিয়ে গিয়েছে। -নিজস্ব চিত্র