৩০ বছর একে অপরের সঙ্গে কথা বলেননি তাঁরা। তবে এখন সম্পর্কের শীতলতা কমেছে। তাঁরা অর্থাৎ শাহরুখ খান ও সানি দেওল। ‘ডর’ ছবির পর তাঁদের সম্পর্কে যে চিড় ধরেছিল, সে বিষয়ে ইন্ডাস্ট্রির সকলেই অবগত। তবে ‘গদর ২’-এর অভাবনীয় সাফল্যের পর একটি পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখা যায়। শাহরুখকে জড়িয়েও ধরেছিলেন সানি। ফের বলিউড বাদশার সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। সদ্য এক অনুষ্ঠানে নিজের এই ইচ্ছের কথা জানিয়ে সানি বলেন, ‘আমি এমন একটি ছবিতে কাজ করতে চাই, যেখানে দু’জন হিরো থাকবে। সেই চিত্রনাট্যে শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আমি ওর সঙ্গে মাত্র একটি ছবিতে অভিনয় করেছি। দু’জনের একসঙ্গে আরও কাজ করার সময় এসে গিয়েছে।’ পছন্দের চিত্রনাট্য পেলেই দুই অভিনেতাকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক।



