Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ির একাধিক ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, দুর্গন্ধে টেকা দায় বাসিন্দাদের

সিউড়ির একাধিক ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, দুর্গন্ধে টেকা দায় বাসিন্দাদের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সাঁইথিয়া: সিউড়ি শহরের একাধিক ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। কিছু ওয়ার্ডে আগাছা, আবর্জনায় ভরে গিয়েছে নিকাশি নালা। অভিযোগ, পুরসভার উদাসীনতায় নিকাশি নালায় জমে রয়েছে ময়লা, আবর্জনা। তা থেকে যেমন মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ তেমনই দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। যা থেকে দ্রুত রেহাই পেতে চাইছেন শহরবাসী। 
Advertisement
দিন দিন কার্যত আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে সিউড়ি। শহরের আশেপাশের গ্রামগুলি পরিষ্কার থাকলেও, খোদ শহরে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী। শহরের ২১টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডের নালাগুলি বুজে গিয়েছে। কোথাওবা জল জমে আছে। আর তা থেকে মশার উপদ্রব বাড়ছে। কোথাও কোথাও নালা থেকে নোংরা আবর্জনা তুলে নিয়ে ফেলে রাখা হচ্ছে নালার পাশেই। তা তুলে নিয়ে না যাওয়ায় সেই আবর্জনা ফের নালাতে গিয়ে পড়ছে। এদিন বেশ কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় নিকাশি নালার অব্যবস্থার ছবি। আগাছা ও নোংরা আবর্জনায় বুঝে গিয়েছে নালাগুলি। কোথাও আবার সারা বছরই নালাগুলিতে দুর্গন্ধযুক্ত জল জমা হয়ে থাকে। সামান্য বৃষ্টিতে সেই নোংরা জল উঠে আসে বাড়িতে। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার গাফিলতির ফল ভুগতে হচ্ছে তাদের। পুরসভা নালা তৈরি করেছে কিন্তু তা নিয়মিত পরিষ্কারের সদিচ্ছা না দেখানোয় সিউড়ি শহরের সুনাম নষ্ট হচ্ছে। আমাদের চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে। সিউড়ি বিবেকানন্দ পল্লি, ফকিরপাড়া সংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড, বাজারপাড়া সহ বেশ কয়েকটি ওয়ার্ডের নিকাশির হাল অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। এর দ্রুত প্রতিকার চাইছেন শহরবাসী। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, আমাকে এ বিষয়ে কেউ কোনও দিন জানায়নি। অভিযোগ পেলে দ্রুত সেই সমস্ত ওয়ার্ড পরিষ্কার করে দেওয়া হবে। শহরবাসীকেও একটু খেয়াল রাখতে হবে যাতে তারা নোংরা আবর্জনা নিকাশি নালায় না ফেলে দেয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ