Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে সুদীপ্তা ও রাহুল

নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’তে জুটি বাঁধছেন অভিনেত্রী সুদীপ্তা রায় ও রাহুল গঙ্গোপাধ্যায়

জুটিতে সুদীপ্তা ও রাহুল
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’তে জুটি বাঁধছেন অভিনেত্রী সুদীপ্তা রায় ও রাহুল গঙ্গোপাধ্যায়। সান বাংলার আসন্ন এই ধারাবাহিকে ‘বিনু’র চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বিনু কীর্তনের মাধ্যমে ভক্তিরসের প্রচার করে। তার স্বপ্ন সারাবিশ্বে কীর্তনের মাধুর্য ছড়িয়ে দেওয়া। অন্যদিকে, কৃষ তথাকথিত আধুনিক। বিজ্ঞানমনস্ক এই যুবক ঈশ্বরে বিশ্বাসী নয়। বরং গবেষণা নিয়েই ব্যস্ত থাকে সে। ভাগ্যের ফেরে এই দু’জনের বিয়ে হয়। শুরু হয় বিনুর আসল লড়াই। কারণ কৃষের পরিবার শাক্ত। সেই পরিবারে পূজিতা দেবী কালী। কৃষ্ণের ভজনা সেখানে নিষিদ্ধ। দুই পরিবারের সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভেদ প্রকট হয়ে ওঠে ক্রমে। এমন একটি পরিবারে বিনুর ভক্তির লড়াইয়ের উপর ভিত্তি করেই এগবে নতুন ধারাবাহিকের গল্প। দীর্ঘদিন পর সিরিয়ালের পরিসরে ফিরছেন সুদীপ্তা। তিনি বলেন, ‘বিনু গরিব ঘরের সাধারণ এক মেয়ে। কীর্তনকে গোটা বিশ্বে জনপ্রিয় করে তোলাই তার লক্ষ্য। তবে বিনুর স্বামী কৃষের পরিবার দেবী কালীর আরাধনা করে। কৃষের পরিবার আর বিনুর মধ্যে যে ধর্মীয় বিশ্বাসের পার্থক্যটা রয়েছে, তা আদৌ সে দূর করতে পারবে কি না, তা নিয়েই গল্প এগবে। পাশাপাশি বিনু ও কৃষের সম্পর্কের টানাপোড়েনও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ।’ রাহুল বলেন, ‘কৃষ চ্যালেঞ্জিং চরিত্র। বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখে। স্মার্ট, আধুনিক। বিনু কৃষ্ণভক্ত হলেও আমার চরিত্রটি ভগবানে বিশ্বাসী নয়। সেটা কেন, তাও চিত্রনাট্যে রয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ