টলি পাড়ায় ফের আরও এক দম্পতির বিচ্ছেদ জল্পনা। তাঁরা সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। শনিবার রাতে পৃথা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। লেখেন, ‘আমি আর সুদীপ আর দম্পতি নই। আমরা আনুষ্ঠানিক ভাবে বিচ্ছিন্ন।’ আগামী দিনেও তাঁরা ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছিলেন পৃথা। রবিবার সকালে এই বিষয়টি নিয়ে সুদীপের সঙ্গে যোগাযোগ করা হয়। নাটকের রিহার্সালে ব্যস্ত ছিলেন তিনি। তার মাঝেই বলেন, ‘পৃথা মজা করে ওই পোস্টটি করেছে।’ পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অভিনেতা বলেছেন, ‘প্র্যাঙ্ক করে পৃথা একটি পোস্টে ডিভোর্সের কথা লেখে। আমি জানতাম না। শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। বাড়ি ফিরে জানতে পারি ওর পোস্ট নিয়ে এত আলোচনা হচ্ছে। আমরা একসঙ্গে আছি, এটা নিয়ে চিন্তার কিছু নেই। নেতিবাচক খবর নিয়ে বেশি ভাববেন না।’ তবে বিচ্ছেদের মতো একটি বিষয় নিয়ে প্র্যাঙ্ক বা মজা করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। সুদীপের ভিডিও বার্তার পর বিচ্ছেদ জল্পনার পোস্টটি সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন পৃথা। যদিও তারপরও তিনি দু’টি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। এ বিষয়ে পৃথার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তিনি কোনও মন্তব্য করতে চাননি। অভিনেত্রী দামিনী বেণী বসুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর পৃথার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন ‘চিরসখা’র অভিনেতা। তাঁদের দুই সন্তানও রয়েছে।



