নিজস্ব প্রতিনিধি, বরানগর: আচমকা পেনশন বন্ধের নোটিস। কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরই আন্দোলনে নামলেন বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপডের (এনআইওএইচ) অবসরপ্রাপ্ত কর্মীরা। এদিন তাঁরা এনআইএলডি রিটায়ার্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বিক্ষোভ কর্মসূচি করেন। তাঁদের অভিযোগ, দুদিন আগে রাতারাতি নোটিস দিয়ে বলা হয় পেনশন বন্ধ করার দেওয়া হচ্ছে। এই অবসরপ্রাপ্ত কর্মীরা কীভাবে দিনযাপন করবেন? সুরাহার দাবিতে তাঁরা আগামীদিনে দিল্লিতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তাঁরা আদালতের দারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিন দুপুরে বরানগর এনআইওএইচে বিক্ষোভ কর্মসূচি করেন অবসরপ্রাপ্ত কর্মীরা। তাঁদের অভিযোগ, ৩১ জানুয়ারি আচমকা নোটিস দিয়ে বলা হল, ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের পেনশন বন্ধ। বর্তমানে বরানগরের এই প্রতিষ্ঠানে পেনশন প্রাপক কর্মীর সংখ্যা ৮৭। সারা দেশে এমন সাতটি প্রতিষ্ঠানে হাজারের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন। আচমকা তাঁদের পেনশন বন্ধের নোটিসে সবাই অথৈ জলে পড়েছেন।
বিক্ষোভকারী চিত্রভানু চক্রবর্তী বলেন, আমরা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের কর্মী। শুধুমাত্র এই মন্ত্রক থেকে আচমকা ৩১ জানুয়ারি নোটিস দিয়ে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে পেনশন বন্ধ। অথচ, সংস্থার বিধিতে পেনশন পাওয়ার কথাই রয়েছে। এতদিন আমরাও পেনশন পাচ্ছি। আচমকা পেনশন বন্ধ হলে আমরা কোথায় যাব? বাজেটে দিব্যাঙ্গদের নিয়ে নানান আশ্বাস দেওয়া হয়েছে। অথচ, আমরা এতদিন দিব্যাঙ্গদের নিয়ে কাজ করেছি। আমাদের মধ্যে বহু দিব্যাঙ্গ সহকর্মীও রয়েছেন। এই বেআইনি নোটিসের মাধ্যমে সকল অবসরপ্রাপ্ত কর্মীকে সটান পথে বসাতে চাইছে। আমাদের সাতটি প্রতিষ্ঠানের কর্মীরা দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করবেন। বেআইনি নির্দেশ বাতিল না করা হলে আমরা রাস্তায় আন্দোলনের পাশাপাশি আদালতেরও দ্বারস্থ হব। নিজস্ব চিত্র