নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহালয়ার দিন শহরের মেট্রো মানচিত্রের বহর বৃদ্ধির শুভারম্ভ হল। শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ (আইটি সেন্টার) পর্যন্ত বর্ধিত রুটে মেট্রোর সফল ট্রায়াল রান শুরু হল। প্রায় ১৬ বছর আগে কবি সুভাষ-বিমানবন্দর মেট্রো প্রকল্পের সরকারি অনুমোদন মিলেছিল। গতবছর কবি সুভাষ তথা নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে যাত্রী পরিষেবা চালু হয়েছে। কিন্তু চিড়িংঘাটা মোড়ে মেট্রো পথের কাজ প্রশাসনিক জটে আটকে ছিল প্রায় পাঁচবছর। তারপর বাংলায় রাজনৈতিক পট বদলের পর দ্রুত অনুমোদন মেলে। দু’সপ্তাহের মধ্যে ঝড়ের গতিতে লক্ষ যাত্রীর যান যন্ত্রণা দূর করার লক্ষ্যে মেট্রো কাজ শেষ করে। তারপর এদিন বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত খালি মেট্রো রেক নিয়ে মহড়া দৌড় শুরু হয়। রেলের দাবি, পরীক্ষামূলক দৌড় সফল হয়েছে। খুব শীঘ্রই এই লাইনে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) বসানোর কাজ শুরু হবে। এই ব্যবস্থার মাধ্যমে বিনা চালকে যাত্রীবোঝাই মেট্রো রেল চালানো সম্ভব। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এই ব্যবস্থা রয়েছে। উন্নত এই প্রযুক্তিগত ব্যবস্থায় মেট্রো রেকের সার্বিক নিয়ন্ত্রণ থাকে কন্ট্রোল রুমের হাতে। এই সিবিটিসি ব্যবস্থা কার্যকর হওয়ার পর আরও কিছু করিগরি কাজ শেষ করতে হবে। তারপর চূড়ান্ত ছাড়পত্র পেতে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শন করবে। তবে কবে থেকে আইটি সেন্টার পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হবে তা এখনও স্পষ্ট করেনি মেট্রো কর্তৃপক্ষ।
প্রায় চার হাজার কোটির এই মেট্রো প্রকল্পটি ৩০ কিলোমিটার বিস্তৃত। গোটা যাত্রাপথে ২৩টি স্টেশন রয়েছে মাটির উপরে। প্রান্তিক স্টেশন অর্থাৎ বিমান বন্দর মাটির তলার অবস্থিত। অরেঞ্জ লাইনের এই মেট্রো করিডরের প্রথম বাণিজ্যিক উদ্বোধন হয়েছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের ২ মার্চ ভার্চুয়ালি এই রুটের যাত্রী পরিষেবা চালু করেন। গত বছর ২২ আগস্ট হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত সংশ্লিষ্ট রুটের সম্প্রসারণ হয়। কিন্তু বিক্ষিপ্ত এই রুটে পর্যাপ্ত যাত্রীর অভাব রয়েছে বলে রেলের দাবি। মহানগরীর আইটি হাব হিসাবে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই মেট্রো পথের সম্প্রসারণ হলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে আশাবাদী রেল কর্তারা। প্রস্তাবিত আইটি সেন্টার মেট্রো স্টেশনটি একেবারে সেক্টর ফাইভের উপকণ্ঠে অবস্থিত। তার ঠিক উল্টোদিকে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর চালু সেক্টর ফাইভ স্টেশন। স্বভাবতই আইটি সেন্টার স্টেশন চালু হয়ে গেলে যাত্রীদের কাছে ইস্ট-ওয়েস্ট মেট্রো ব্যবহারের বাড়তি সুযোগ তৈরি হবে।
তবে শুধু গ্রিন লাইন নয়। আইটি সেন্টারে নেমে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরতে রাস্তায় নামতে হবে না যাত্রীদের। দুই স্টেশন সংযোগকারী সেতুর মাধ্যমে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ করিডরে ঢুকে পড়া যাবে। তারপর সেখান থেকে এসপ্ল্যানেডে নেমে ব্লু-লাইনের মেট্রো ধরার সুযোগ থাকবে। অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পথে যাওয়ার পথ খুলে যাবে।
অন্যদিকে, আইটি সেন্টার থেকে বিমান বন্দর পর্যন্ত মেট্রো লাইনের বড়ো অংশে পরিকাঠামোগত নির্মাণ কাজ কার্যত সারা হয়ে গিয়েছে। এক্ষেত্রে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হয়ে যাওয়ার কয়েকমাসের মধ্যেই গোটা রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। সূত্রের দাবি, ২০২৭ সালের মধ্যে গোটা রুটে যাত্রী বোঝাই মেট্রো রেক চলাচল শুরু করবে।



