মহালয়ায় দিনভর দমবন্ধ করা ভিড় কুমোরটুলিতে, তিতিবিরক্ত মৃৎশিল্পীরা
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার মহালয়ার দিন কুমোরটুলি থেকে কিছু দুর্গা প্রতিমা রওনা দিল কিছু মণ্ডপ ও বাড়ির দিকে। এদিন বেলা যত গড়িয়েছে কলকাতার অন্যতম পটুয়াপাড়ায় বেড়েছে ভিড়। বহু মানুষ এসেছিলেন প্রতিমা নিয়ে যেতে। অনেকে কুমোরটুলির ঢাকেশ্বর মন্দিরে পুজো দিয়ে মৃৎশিল্পীদের ঘর থেকে প্রতিমা নিয়েছেন। 

Advertisement

ফলে সকাল থেকেই রবীন্দ্রসরণি, মদনমোহনতলা স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকায় যানবাহনের গতি কম ছিল। কুমোরটুলির পাশাপাশি উত্তর কলকাতার শ্যামপুকুরে রামধন মিত্র লেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর বাড়ির সামনেও ছিল ভিড়। বেতারে ‘মহিষাসুরমর্দিনী’র সর্বকালজয়ী অন্যতম এই রূপকারের বাড়ির সামনে ফলক দেখতেও আসে মানুষ। অনেকে তাঁর আবক্ষ মূর্তিতে ফুলমালা প্রদান করেন। কেউ কেউ এসেছিলেন হাতে কাশফুল নিয়ে শ্রদ্ধা জানাতে। বহু তরুণ-তরুণী সেলফি তোলেন মূর্তির সামনে। ছিল সংবাদমাধ্যমের ভিড়ও।
তবে কুমোরটুলিতে এদিন ছিল ঠাসা ভিড়। মৃৎশিল্প সংগঠনের কর্তা বাবু পাল বলেন, ‘প্রথা মেনে পটুয়াপাড়ায় অনেক শিল্পীর ঘরে প্রতিমার চক্ষুদান হয়। সকাল থেকেই প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য ছিল ব্যাপক ভিড়।’ মাটি সংগঠনের কর্তা মোহনলাল প্রজাপতি বলেন, ‘এবার মাটি সমস্যার জন্য পুজোর আগে ছিল ব্যাপক আতঙ্ক। কিন্তু জট কাটায় শিল্পীরা সঠিক সময় উদোক্তাদের হাতে মূর্তি তুলে দিতে পেরেছেন। এটাই স্বস্তির বিষয়।’ এদিন ভিড়ের কারণে কুমোরটুলিতে ছিল দমবন্ধ করা পরিস্থিতি। বেশি ভিড় ছিল বনমালী সরকার স্ট্রিটে। ভিড়ের দাপটে প্রতিমা নিয়ে যেতে সমস্যা দেখা দেয়। এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন অনেক মৃৎশিল্পী। তাঁরা বলেন, শেষ মুহূর্তে যদি শিল্পীদের ঘরে ছবি তোলার হিড়িক ওঠে তাহলে কাজ নিশ্চিত শিকেয় উঠবে।  -নিজস্ব চিত্র