Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি শহরে শুরু টোটোয় কিউ আর কোড লাগানো

সিউড়ি শহরে শুরু টোটোয় কিউ আর কোড লাগানো
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শহর সিউড়িতে টোটোর দৌরাত্ম্যে রাশ টানতে সিউড়ি পুরসভা এবার ‘গোলাপি ও নীল’ রঙের সাহায্য নিল। পৃথক দু’টি রং মূলত নির্দিষ্ট ‘কিউআর কোড’ চিহ্নিতকরণের লক্ষ্যে ব্যবহার করা হয়েছে। বুধবার থেকে টোটোগুলিতে পৃথক রঙের ওই কিউআর কোড লাগানোর কাজ শুরু হয়েছে। শহরের সিধু-কানু মঞ্চ চত্বরে সিউড়ি মহকুমা প্রশাসনের সহযোগিতায় পুরসভার তরফে সেই কাজ চলছে। প্রাথমিকভাবে শহরের প্রায় আড়াই হাজার টোটোয় কিউআর কোড লাগানো হবে। আগামীতে শহর লাগোয়া গ্রামীণ এলাকায় টোটোগুলিতেও কিউআর কোড বসবে। কিউআর কোডযুক্ত টোটোয় নজরদারি চালাতে নির্দিষ্ট সফটওয়্যারও তৈরি করা হয়েছে। সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, নির্দিষ্ট ওই সফটওয়্যারের সাহায্যে ট্রাফিক বিভাগ আগামীতে নজরদারির কাজ করবে।
Advertisement
প্রশাসনের তরফে জানা গিয়েছে, টোটোয় কিউআর কোড বসানোর আগে তার রেজিস্ট্রেশন করা হয়েছে। সিউড়ি পুরসভা এলাকায় এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রাপ্ত টোটোর সংখ্যা প্রায় ২৪৯০টি। সেই টোটোগুলিকে এবার কিউআর কোডের নজরদারিতে আনার কাজ শুরু হয়েছে। এদিন প্রায় ২০০টি টোটোয় কিউআর কোড লাগানো হয়। আগামী কয়েকদিন এই কাজ নিয়মিত চলবে। পরবর্তীতে নতুন মাসের শুরু থেকেই সেই কিউআর কোড কার্যকর হবে। তবে শুধু ২৪৯০টি টোটো নয়। আগামীতে শহর লাগোয়া গ্রামীণ এলাকার টোটোগুলিও কিউআর কোডের আওতায় আসবে। মূলত শহরের পথে চলাচলকারী গ্রামীণ টোটোগুলিতে কিউআর কোড লাগানো হবে। সেই সংখ্যা প্রায় আড়াই হাজার হবে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার টোটোকে কিউআর কোডের নজরদারিতে রাখার সিদ্ধান্ত হয়েছে। শহর সিউড়িতে যানজট সমস্যার অন্যতম কারণ হিসেবে টোটোর নাম উঠে আসে। সেক্ষেত্রে প্রশাসন শুরু থেকেই চিন্তাভাবনা শুরু করেছিল। এবার তা বাস্তবরূপ পেতে চলেছে। জানা গিয়েছে, কিউআর কোডযুক্ত টোটোগুলিকে দু’ভাগে ভাগ করে রাস্তায় নামানো হবে। একদিন রাস্তায় নামবে গোলাপি কিউআর কোডযুক্ত টোটো। অন্যদিন নামবে নীল কিউআর কোডযুক্ত টোটো। তবে এনিয়ে অবশ্য এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামীতে বৈঠকের মাধ্যমে তা স্থির করা হবে। এছাড়াও বর্তমান সময়ে টোটোগুলিকে শহরের নির্দিষ্ট সব রুটেই চলতে দেওয়া হবে। তবে প্রয়োজন অনুসারে আগামীতে রুট নির্ধারণও হতে পারে। সেটাও অবশ্য রঙের ভিত্তিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। 
এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, কিউআর কোড স্ক্যান করে নির্দিষ্ট টোটোর সমস্ত তথ্য জানা যাবে। টোটোর রুট থেকে শুরু করে কোনদিন ওই টোটোর চলাচলে অনুমতি রয়েছে, তাও স্পষ্ট হবে। সেইসঙ্গে চালকের পূর্ণাঙ্গ তথ্যও কিউআর কোড স্ক্যান করে এক মিনিটেই পাওয়া সম্ভব। এছাড়াও বেশি ভাড়া, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা বিষয়ে অভিযোগও জানানো যাবে। তা সরাসরি পুলিস প্রশাসনের কাছে পৌঁছে যাবে। এই কিউআর কোডের সাহায্যে আগামীতে যানজট নিরসন অনেকটাই সম্ভব হবে। সেইসঙ্গে টোটোর দৌরাত্ম্যেও রাশ টানা সম্ভব হবে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, মার্চের ১ তারিখ থেকেই এই কিউআর কোড কার্যকর হবে। মূলত শহরকে যানজট মুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।  
 
Advertisement
সম্পর্কিত সংবাদ