


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘এ কলেজ র্যাগিং মুক্ত।’ ছাত্রী টানতে এ বিষয়টিকে তুলে ধরে জোরদার প্রচার চালাচ্ছে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়। ল’কলেজের মনোজিৎ আর তার সাঙ্গপাঙ্গদের র্যাগিংয়ের গল্প এখন লোকের মুখে মুখে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ফলে ছাত্রের আত্মহত্যার ঘটনা এখনও সকলের স্মৃতিতে টাটকা। এই পরিস্থিতিতে কল্যাণী মহিলা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং মুক্ত পরিবেশের প্রতিশ্রুতি নিরাপদে পড়াশোনা করার বার্তা ছড়িয়ে দিচ্ছে পড়ুয়া মহলে।
র্যাগিং মুক্ত পরিবেশ শুধু নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রী ভর্তিতে জোর দিতে ‘ইন্টার্নশিপ করার সুযোগ,’ ‘ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ’ ইত্যাদি প্রতিশ্রুতিও দিচ্ছে পড়ুয়াদের। পোস্টার ও ব্যানার ছাপিয়েছে কর্তৃপক্ষ। এ দিয়ে প্রচার চালাচ্ছে। জানা গিয়েছে, গতবছর স্নাতকস্তরে বহু আসন ফাঁকা থেকে গিয়েছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না কর্তৃপক্ষ। তাই ডায়মন্ডহারবার শহরের বিভিন্ন স্কুলের বাইরে, স্টেশন ইত্যাদি জায়গায় ব্যানার লাগিয়ে এবং ভিডিও’র মাধমে চলছে প্রচার। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এবারই প্রথম ছাত্রীদের জন্য ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। পড়ুয়াবান্ধব পরিবেশ তৈরি করার উপরও বাড়তি জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয়। ছাত্রীরা যাতে এখানে এসে নির্বিঘ্নে এবং নিরাপদে পড়াশোনা করতে পারেন সেরকম পরিবেশ তৈরি করা হয়েছে। উপাচার্য কাজল দে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়াশোনা হয়। এটি অনেক সুবিধাজনক ব্যবস্থা। তাই বেশি করে ছাত্রীরা যাতে এবার ভর্তি হতে আসেন তার জন্য বড় আকারে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
জানা গিয়েছে, কয়েক বছর হল এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে পড়াশোনা শুরু হয়েছে। চলছে ভর্তি নেওয়া। কিন্তু এখনও অনেকের কাছেই এই বিষয়টি অজানা। গতবছর স্নাতকস্তরে বেশ কিছু বিষয়ে একেবারেই পড়ুয়া হয়নি। যেমন ইতিহাসে ৩০টি আসনের মধ্যে ভর্তি হয়েছিলেন মাত্র ১০জন ছাত্রী। এইসব বিষয় মাথায় রেখে বিভিন্ন জায়গায় ভর্তি নিয়ে প্রচার চালাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। লোকাল কেবল চ্যানেলেও ভিডিও বার্তা দিয়ে ছাত্রীদের জানানোর চেষ্টা চলছে। নিজস্ব চিত্র