নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু ২০৫টি বি এড কলেজই নয়, যোগ্যতার বিভিন্ন মাপকাঠিতে উত্তীর্ণ না-হওয়ায় অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরও এবছরের ছাত্র ভরতির অনুমোদন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় একথা জানিয়েছেন উচ্চশিক্ষা তথা কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, ২৬৫টি আইটিআইয়ের মধ্যে ১৪টিকে এবছর ছাত্র ভরতি করতে দেওয়া হচ্ছে না। ১৩৪টি ডি ফার্ম কলেজের মধ্যে ৩৮টির ছাত্র ভরতির অনুমোদন বাতিল করা হয়েছে। আর ৭৪টি পলিটেকনিকের মধ্যে একটি কলেজের ছাত্র ভরতির অনুমোদন বন্ধ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এই প্রতিষ্ঠানগুলির অনুমোদন বাতিল হচ্ছে না। আগামী বছর যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে তারা ফের ছাত্র ভরতির অনুমোদন আদায় করতে পারে। এদিকে, ২০৫টি বি এড কলেজের মধ্যে একটি গোষ্ঠী হাইকোর্টে এবং অপর গোষ্ঠী সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পথে হাঁটছে বলে সূত্রের খবর।



