নিজস্ব প্রতিনিধি, বারাসত, সংবাদদাতা, কল্যাণী ও বারুইপুর: কয়েকদিন আগে মারা গিয়েছেন স্ত্রী। সামনে স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান। সেকারণে সাইকেলে চেপে নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন বছর চৌষট্টির সদ্য বিপত্নীক। পথেই পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষকের। মৃতের নাম বিজয়কৃষ্ণ দত্ত। বাড়ি দেগঙ্গার আমিনপুর গ্রামে। গত শনিবার দেগঙ্গার বিশ্বনাথপুর পালপাড়া এলাকায় টাকি রোডে ম্যাটাডরের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সোমবার সকালে বারাসত হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, তিনি ওইদিন টাকি রোড ধরে সাইকেলে করে বারাসতের দিকে আসছিলেন। বিশ্বনাথপুর পালপাড়া এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ম্যাটাডর ধাক্কা মারে তাঁকে। রাস্তায় ছিটকে পড়েন বিজয়বাবু। স্থানীয়রাই তাঁকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Advertisement
এদিকে, রবিবার রাতে টাকি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের নাম ফারুক মণ্ডল (২৪)। পাশাপাশি গুরুতর জখম এক যুবক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, রবিবার টাকি রোড ধরে মাটিয়া থেকে বাড়ি ফিরছিলেন ফারুক ও তাঁর এক বন্ধু। সেই সময় গয়ড়াপোল এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে, চাকদহ থানার নেউলিয়া আশ্রমপাড়া এলাকায় সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরভ্যান চালক লিটন বিশ্বাসের (৪০)। তাঁর বাড়ি নদীয়ার গাংনাপুর থানার মিঠাপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাকদ-বনগাঁ রাজ্য সড়কের আশ্রমপাড়া এলাকায় একটি বাস হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। অসতর্ক বাসচালক খেয়াল করেননি যে, পিছনেই রয়েছে একটি কাঠবোঝাই মোটরভ্যান। মোটরভ্যানটি বাসের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে বাসের চালককে আটক করা হয়।
কুলতলি থানার ননী হালদারের মোড়ে একটি যাত্রীবাহী ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটি তালগাছে। এই ঘটনায় গুরুতর আহত হন দুই মহিলা সহ ন’জন যাত্রী। তাঁদের মধ্যে ট্রেকারের চালকও রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। আহতদের কুলতলি-জয়নগর গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, জয়নগর থেকে ট্রেকারটি কুলতলির জামতলার দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় গাড়ির চালক যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করতে গেলে নিয়ন্ত্রণ হারান তিনি।