Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীর পরামর্শে লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি পরিযায়ী শ্রমিক

স্ত্রীর পরামর্শে লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি পরিযায়ী শ্রমিক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: লটারির টিকিটই ভাগ্য ফেরাবে। এই বিশ্বাসে ১৫০ টাকা খরচ করে টিকিট কিনেছিলেন মুন্না আলি (৩০)। আর সেটাই তার কাছে ‘সোনার কাঠি’ হয়ে এল। এই টিকিটই তাঁকে পরিযায়ী শ্রমিক থেকে রাতারাতি করল কোটিপতি। গল্পের মতো মনে হলেও এমন কাণ্ড ঘটে গিয়েছে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙিতে। এখন ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করেছেন এই শ্রমিক।
Advertisement
বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রীজ মোড়ে ১৫০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন মুন্না। সন্ধ্যা ছ’টায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে, তিনি এক কোটি টাকা জিতেছেন। এরপরই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে রাতেই হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন তিনি। পুলিস বাড়ি থেকে মুন্নাকে থানায় নিয়ে যায়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার। পরিবারের একমাত্র রোজগেরে তিনিই। ১৪ বছর ধরে দিল্লিতে কাজ করেন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝেমধ্যে লটারির টিকিট কাটেন তিনি। সেটাই তাঁকে রাতারাতি কোটিপতি করে দিল। 
মুন্না বলেন, এদিন আমি স্ত্রীকে নিয়ে চাঁচলে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসি। স্ত্রীর কথায় ১৫০ টাকার লটারির টিকিট কাটি। টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে। কিছু জমি কিনব। পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখব।
লটারির টিকিট হাতে মুন্না আলি।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ