গুয়াহাটি: স্ত্রী জিতে বিধায়ক হয়েছেন। আর স্বামী কি না রাস্তার ধারে সব্জি বিক্রি করছেন! শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল অসমের বঙ্গাইগাঁও। এবার বঙ্গাইগাঁও বিধানসভার উপনির্বাচনে দীপ্তিময়ী চৌধুরীকে প্রার্থী করেছিল এনডিএ-র শরিক দল অসম গণ পরিষদ। দলের সাংসদ ফণিভূষণ চৌধুরীর স্ত্রী তিনি। শনিবার ফল ঘোষণার পরই জয়ী দীপ্তিময়ীকে নিয়ে মেতে ওঠেন অগপ কর্মী-সমর্থকরা। এদিকে স্ত্রীর জন্য রাস্তার ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন ফণীভূষণ। স্ত্রী আসছেন না দেখে রাস্তার ধারে সব্জির দোকানে ঢুকে নিজেই বিক্রি করতে বসে পড়েন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সাংসদের এই আচরণের তারিফ করেছেন অনেকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওজন করে নিখুত দক্ষতায় এক ক্রেতার ব্যাগে সব্জি ভরে দিচ্ছেন তিনি। তবে স্ত্রীর বিজয় মিছিল সেখানে পৌঁছলে তিনিও তাতে যোগ দেন। সাদাসিধে জীবনধারণের জন্য সকলের সমীহ আদায় করে নিয়েছেন সাংসদ ফণিভূষণ। আগেও কখনও তাঁকে চায়ের দোকানে কখনও স্কুটারে ঘুরতে দেখা গিয়েছে।



