Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীকে খুন করার অভিযোগে বনগাঁয় গ্রেপ্তার হলেন স্বামী

স্ত্রীকে খুন করার অভিযোগে বনগাঁয় গ্রেপ্তার হলেন স্বামী
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: নির্যাতন করে স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিস। মৃতার নাম মৌমিতা মুখোপাধ্যায় (৩৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বামীর নাম প্রণব মুখোপাধ্যায় ওরফে খোকা। বনগাঁ খয়রামারি এলাকার বাসিন্দা তিনি। মৃতার দাদার অভিযোগের ভিত্তিতে পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, বছর পনেরো আগে খয়রামারির বাসিন্দা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বনগাঁ শিমুলতলার বাসিন্দা মৌমিতার বিয়ে হয়। মুখোপাধ্যায় দম্পতি নিঃসন্তান ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মৌমিতা অসুস্থ হয়ে পড়লে তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় মৌমিতার। তাঁর বাপের বাড়ির লোকের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। এরপরই স্বামী প্রণব, দেবর চন্দন মুখোপাধ্যায় ও ননদ সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পর গ্রেপ্তার হন স্বামী। মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর কয়েকমাস ভালোভাবে সংসার করলেও কিছুদিন পর থেকেই মেয়ের উপর অত্যাচার করতেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। সন্তান না হওয়ায় কটূক্তি করা হতো বলেও অভিযোগ। মঙ্গলবার মৃতার বাপের বাড়ির সদস্যরা লোক মারফত খবর পান যে, মৌমিতার মৃত্যু হয়েছে। এরপরই বনগাঁ হাসপাতালে ছুটে আসেন তাঁরা। বুধবার ধৃত স্বামীকে আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে পুলিস হেফাজতে পাঠিয়েছেন। পুলিস মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ