বিশেষ সংবাদদাতা, আগরতলা: স্ত্রীকে গুলি করে চম্পট। অবশেষে পুলিসের জালে ধরা পড়ল স্বামী। একটি পিস্তলসহ দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ধৃতের থেকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কলমচৌড়ায়। জানা গিয়েছে, স্ত্রী কবিতা রিয়াংকে খুন করার জন্য গভীর রাতে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে তাঁর স্বামী বলবীর সিং। তারপর পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে আসে গ্রামবাসীরা। তারপরই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে আমতলা থানা। বুধবার সকালে বলবীরকে আগরতলার হাঁপানিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কলমচৌড়া থানার হাতে তুলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর স্ত্রী কবিতা।



