Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, ধৃত ইঞ্জিনিয়ার

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, ধৃত ইঞ্জিনিয়ার
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইঞ্জিনিয়ার স্বামীকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিস। সোমবার আরামবাগের কাঁটাবনী এলাকার বাড়ি থেকে বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। বধূর বাপেরবাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিস মঙ্গলবার তাঁর স্বামীকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শেখ সমীর ইসলাম। সে আরামবাগ পুরসভায় অস্থায়ী ইঞ্জিনিয়ার পদে কর্মরত। পুলিস জানিয়েছে, মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, সমীর ইসলাম পুরসভার অস্থায়ী ইঞ্জিনিয়ার। আইন আইনের পথে চলবে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ বছর আগে সমীর ইসলামের বিয়ে হয়। তাদের ১৪ বছরের একটি মেয়ে রয়েছে। আরামবাগে কাঁটাবনী এলাকায় ঘর থেকে একজন গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। খবর পেয়ে বাপেরবাড়ির লোকজন আরামবাগে আসেন। মঙ্গলবার আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হয়।
মৃত বধূর বোনের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। তাঁর অভিযোগ, দিদিকে নিত্যদিন শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো। সেজন্য দিদি মাঝে মধ্যেই আমাদের বাড়িতে চলে আসত। তারপর আবার দিদি ফিরে যেত। ঘটনার দিনও স্বামীর সঙ্গে দিদির অশান্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই পরিণতি হবে, তা ভাবতেও পারিনি। দিদির মেয়ে স্কুল থেকে ফিরে সবকিছু জানতে পারে। বোনঝির ভবিষ্যত নিয়ে আমরা চিন্তায় পড়েছি। আমরাই ওর দেখভাল করব। তবে প্রশাসন যাতে পদক্ষেপ নেয়, তার আর্জি জানাচ্ছি। মৃতার বোন আরামবাগ থানায় অভিযোগ দায়ের করে শাস্তির দাবি জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ