নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর। তার জেরে বাড়িতেই গর্ভপাত। রক্তাক্ত অবস্থাতেই আবার গৃহবধূকে খুনের হুমকি দেয় অভিযুক্ত রবীন্দ্র সরোবর থানা এলাকার ব্যবসায়ী। এরপর থানায় অভিযোগ হতেই স্ত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে লোপাট করে দেওয়ার হুমকি। এমনটাই দাবি অভিযোগকারিণী অনুরাধা রামনের। পণ না মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরে এবার ঘটনা অন্যদিকে মোড় নিল। ‘প্রভাবশালী’ স্বামী গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। খুন হয়ে যাব না তো? এই শঙ্কাতেই চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে অনুরাধার।
Advertisement
অভিযোগ, গত শনিবার রাতে অন্তঃসত্ত্বা অনুরাধাকে বেধড়ক মারধর করেন ব্যবসায়ী স্বামী অর্ণব ঘোষ। নির্যাতিতার দাবি, ব্যাঙ্কিং কনসালটেন্সির ব্যবসায় মন্দার জেরে শ্বশুরবাড়ি থেকে ৭৫ লক্ষ টাকা পণ চান অভিযুক্ত। তা না মেলায় শ্বশুরের সম্পত্তির লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তিনি। মারধরের জেরে গর্ভপাত হয়ে যায় স্ত্রীর। এরপরেই রবীন্দ্র সরোবর থানার দ্বারস্থ হন অনুরাধা। তাঁর অভিযোগ, খবর প্রকাশের পরই হুমকি দিচ্ছেন স্বামী। যদিও তাঁকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ন্যাশনাল উইমেন কমিশন। বুধবারই অনুরাধার সঙ্গে যোগাযোগ করেন কমিশনের পদাধিকারীরা। নির্যাতিতার নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার দেশপ্রিয় পার্ক এলাকার বাড়ি থেকে গৃহবধূকে স্থানান্তরিত করা হয় মুকুন্দপুরের একটি হোমে। কিন্তু সকালে ফের আচমকাই তাঁর রক্তক্ষরণ শুরু হয়। ন্যাশনাল উইমেন কমিশনের তরফে অনুরাধাকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তির আগে অভিযোগকারিণী জানিয়েছেন, অভিযোগ জমা দেওয়ার প্রায় ৪ দিন পরেও গ্রেপ্তার করা হয়নি অর্ণবকে। পুলিসি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নির্যাতিতা। তাঁর কথায়, ‘স্বামী বেশ প্রভাবশালী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে। সেই কারণেই বোধহয় আমি বিচার পাচ্ছি না।’ সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য অর্চনা মজুমদারের অনুরাধার সঙ্গে দেখা করার কথা রয়েছে। এরপর এই কেসে আইনজ্ঞদের সাহায্য নিতে পারেন অভিযোগকারিণী।