এলাহাবাদ: স্ত্রীর শরীর, গোপনীয়তা ও অধিকার একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি কোনওভাবেই স্বামীর মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন নন। প্রাচীন ভাবনা-চিন্তা থেকে বেরিয়ে অবিলম্বে স্বামীদের এটা বুঝতে হবে। এক মামলার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত সূত্রে খবর, এক ব্যক্তি তাঁর স্ত্রীর অজ্ঞাতসারে গোপন মুহূর্তের ছবি তুলেছিলেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। সেই ভিডিও স্ত্রীর এক আত্মীয়াকেও পাঠিয়ে দেন ওই ব্যক্তি। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। ইতিমধ্যেই চার্জশিটও জমা দিয়েছে পুলিস। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা উল্লেখ করে বিচার প্রক্রিয়া থেকে ছাড় পাওয়ার আর্জি জানান তিনি। সেই মামলার পরিপ্রেক্ষিতে স্বামীদের অতীত ভাবনা-চিন্তা ছেড়ে বেরিয়ে এসে স্ত্রীর অধিকারকে সম্মান জানানোর পরামর্শ দিয়েছে আদালত।



