নয়াদিল্লি: বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মতানৈক্য স্বাভাবিক বিষয়। বেশ কয়েকদিন কথাবার্তাও বন্ধ থাকতে পারে দু’জনের। সেই কারণে কাউকে ‘মানসিক নির্যাতন বা নিষ্ঠুরতা’র দায়ে শাস্তি দেওয়া যায় না। এক আত্মহত্যার মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আত্মঘাতী মহিলার পরিবারের দাবি ছিল, ১৩ দিন কথা না বলে মৃতাকে ‘মানসিক নির্যাতন’ করেছেন অভিযুক্ত। ‘৪৯৮-এ’ ধারায় অভিযুক্তকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল ট্রায়াল কোর্ট। স্বস্তি মেলেনি হাইকোর্টেও। সেই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ খারিজ করল শীর্ষ আদালতের বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি অতুল এস চন্দুরকারের বেঞ্চ। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলেছে, ‘কোনো প্রমাণ ছাড়াই ১৩ দিন কথা বন্ধ রাখার কারণে নির্যাতনের অভিযোগে শাস্তি দেওয়া যায় না।’ পাশাপাশি বিচারপতিদ্বয় এও উল্লেখ করেছে, ওই দম্পতির মধ্যে বচসা বা মারধরের ঘটনা ঘটেনি। নির্যাতনের অভিযোগে শাস্তি দেওয়ার মতো যথেষ্ট প্রমাণও নেই। মৃতার পরিবার অভিযোগ করেছিল, পণের জন্য চাপ দিত অভিযুক্ত। শ্বশুরবাড়ির অমতে বাপের বাড়িতে যাওয়ার জন্য ১৩ দিন কথা বন্ধ করে ‘মানসিক নির্যাতন’ করা হয়েছে। যদিও তা প্রমাণ করা যায়নি।



