Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টুডেন্টস সপ্তাহে হাওড়া গ্রামীণে বিভিন্ন স্কুলে উৎসবের মেজাজ

স্টুডেন্টস সপ্তাহে হাওড়া গ্রামীণে বিভিন্ন স্কুলে উৎসবের মেজাজ
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও ক্রিয়েটিভ আর্ট, কোথাও স্থানীয় এলাকা পরিদর্শন, কোথাও খাদ্য উৎসব, কোথাও আবার যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এভাবেই নতুন ইংরেজি বছরের শুরুতে রাজ্যের প্রতিটি স্কুলে পালিত হল স্টুডেন্টস সপ্তাহ। মূলত স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতেই এই আয়োজন। স্টুডেন্টস সপ্তাহ উপলক্ষ্যে আমতা পশ্চিম চক্রের মেনকা স্মৃতি বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পোস্টার তৈরি, বসে আঁকো, যেমন খুশি সাজো সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্কুল সূত্রে খবর, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে সামাজিকতা, পরিবেশ সচেতনতা এবং সুস্থ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই অন্যতম উদ্দেশ্য। অন্যদিকে, শ্যামপুরের বেলাড়ি সারদামণি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। ঝালমুড়ি থেকে ফুলকপির চপ, ফুচকা থেকে আলুর দম—বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছিল। তবে টাকা দিয়ে নয়, কুপনের মাধ্যমে খাবার সংগ্রহ করেছে ছাত্রীরা। প্রধান শিক্ষিকা অর্পিতা রায় বলেন, এই ধরনের অনুষ্ঠান পড়ুয়াদের আরও সামাজিক করে তুলবে।
Advertisement
উলুবেড়িয়া পূর্ব চক্রের বুড়িখালি পূর্ব প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস সপ্তাহ উপলক্ষ্যে পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছিল। পাশাপাশি খুদে পড়ুয়াদের শীতকালীন সব্জি চেনাতে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়। পরে বিভিন্ন জলযান দেখাতে নিয়ে যাওয়া হয় বাউড়িয়ায় গঙ্গার ঘাটে। স্কুলের প্রধান শিক্ষক শ্যামলকুমার গঙ্গোপাধ্যায় বলেন, ছেলেমেয়েদের কাছে স্কুলের পরিবেশকে আনন্দদায়ক করে তোলাই আমাদের লক্ষ্য। স্টুডেন্টস সপ্তাহে স্কুলের এই ভিন্ন পরিবেশে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা।
সম্পর্কিত সংবাদ