নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসন নতুন করে পদক্ষেপ করতে পারবে না। আপাতত বিষয়টিতে স্থিতাবস্থা বজায় থাকবে। রবিবার কলকাতা হাইকোর্টের বিশেষ আদালত এমনই নির্দেশ দিয়েছে। শনিবার আমতলার অফিসে বুলডোজ়ার-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এদিন ছুটি থাকায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। প্রথমে বেলা ১২টায় শুনানির কথা থাকলেও রাজ্যের আইনজীবী উপস্থিত না থাকায় নির্ধারিত সময়ে শুনানি করা যায়নি। পরে বেলা দেড়টা নাগাদ ফের শুনানি শুরু হয় বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসে। এরপর অভিষেকের অফিস ভাঙার উপর আপাতত স্থগিতাদেশ দেয় আদালত। বিকালে সেই নির্দেশ জেলায় পৌঁছতেই কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে তার আগে পর্যন্ত কার্যালয়ের একটা বড়ো অংশ ভাঙা হয়ে গিয়েছিল। শনিবার বেশি রাত পর্যন্ত সেখান থেকে নথিপত্র সহ অন্যান্য সামগ্রী বের করা হয়। এদিন সকালেও আসবাবপত্র, এসি মেশিন সহ অন্যান্য জিনিস বের করার পর ভাঙার কাজ শুরু হয়। একতলার ঘরে এদিন হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙার কাজে হাত লাগান কর্মীরা। কিছুক্ষণ বাদে ছাদে উঠে শুরু হয় ভাঙার কাজ। তখনই কোর্টের অর্ডার আসে। এদিকে, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ছোটো ছোটো গাড়িতে করে সরকারি গোডাউনে নিয়ে রাখা হয়। নথিপত্র রাখার জন্য ১০০টিরও বেশি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছিল। তাতে সব ভরে নিয়ে যাওয়া হয়।



