নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডির স্ক্যানারে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। সোমবার সকাল থেকেই নাদিমুলের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা, দিল্লি ও রাঁচি মিলিয়ে মোট ৭টি জায়গায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কলকাতা ও দিল্লিতে নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতেও এদিন ইডির আধিকারিকরা হানা দেন। একইসঙ্গে কলকাতায় তাঁর সংবাদপত্রের অফিস এবং বাড়িতেও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ইডি আধিকারিকদের দাবি, ‘আখবার-এ-মাশরিক’ নামক এক সংবাদপত্র চালাতেন নাদিমুল। এই সংবাদপত্রের অফিসকে সামনে রেখে বেআইনি আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। তদন্তকারীদের আরো দাবি, সংবাদপত্রে এমন কিছু বিষয় প্রকাশ ও প্রচারের অভিযোগ রয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। পাশাপাশি হিসাব-বহির্ভূত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ ও তহবিল আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের সত্যতা যাচাই করতেই নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
এই ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা একটি এফআইআর-এর ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইডির আধিকারিকরা। সেই তদন্তের সূত্র ধরেই কলকাতা-সহ দিল্লি ও রাঁচির বিভিন্ন ঠিকানায় সোমবার একযোগে তল্লাশি চালানো হয়।