পুরুলিয়া শহরের জলাশয়গুলিতে ভাসছে প্রতিমার কাঠামো!  চরম ‘উদাসীন’ পুরসভা
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া শহরের পুকুরগুলিতে বিসর্জনের পর কাঠামো তুলে সরিয়ে নেওয়ার উদ্যোগই নেয়নি পুরুলিয়া পুরসভা। প্রায় প্রতিবছর বিসর্জন মিটতে না মিটতেই পুরসভার তরফে কাঠামো তুলে ঘাটগুলি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। এমনকি, একাধিক বার ক্রেন দিয়েও ঘাট সাফাই করেছে পুরসভা। তবে এবার এনিয়ে সম্পূর্ণ উদাসীন পুরসভা কর্তৃপক্ষ। পুরুলিয়া পুরসভার প্রশাসক সুদর্শন চৌধুরী জানান, প্রতিমা বিসর্জনের দিন থেকেই বুচাবাঁধ, নতুন বাঁধে কাঠামো তোলার কাজ শুরু হয়েছে। বাকিগুলিরও দ্রুত তোলা হবে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের নতুন বাঁধ, রাজা বাঁধ, পূর্ণিয়া বাঁধ, দুলমি বাঁধ সহ বিভিন্ন পুকুরে শহরের প্রতিমাগুলির নিরঞ্জন হয়। অন্যান্য বছর বিসর্জনের পরপরই ঘাটগুলি পরিষ্কার করতে নেমে পড়েন পুরুলিয়া পুরসভার কর্মীরা। এমনকি, একাধিকবার চেয়ারম্যান সহ একাধিক পদাধিকারীকেও একাজে উৎসাহ দিতে পুকুরের ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এবার অবশ্য পুরসভা কর্তৃপক্ষ কার্যত উদাসীন বলে অভিযোগ। রাজা বাঁধের বেহাল অবস্থা থাকায় সেখানে কেউ স্নানের সুযোগ পান না। তবে নতুন বাঁধ, দুলমি বাঁধ এবং পূর্ণিয়া বাঁধে বহু মানুষ স্নান করেন। ঘাটগুলিতে প্রতিমার  কাঠামো পড়ে থাকায় সমস্যায় পড়ছেন তাঁরা। 
পুরুলিয়া পুরসভা এক আধিকারিক বলেন, বিসর্জনের সময়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি পুর কর্মীরা উপস্থিত ছিলেন। তবে প্রতিমার কাঠামোগুলি এখনও রয়েছে। কাঠামোগুলি তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একাধিক পুজা কমিটি নিজেদের উদ্যোগেই কাঠামো সরানোর চেষ্টা করেছেন। পুরুলিয়া পুরসভার দীর্ঘদিনের এক কর্মী বলেন, বিসর্জনের পর প্রতি বছরই যে সাথে সাথে কাঠামো তুলে ফেলা হয়েছে তা বললে ভুল বলা হবে। তবে গত কয়েক বছরে এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর নিজেরা দাঁড়িয়ে থেকে এবিষয়ে উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে পুরসভা চালাচ্ছেন প্রশাসক। তাই এবিষয়ে স্থানীয় স্তরে কাউন্সিলারদেরও উদ্যোগ নেই। পুরুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নব্যেন্দু মাহালি বলেন, প্রশাসক এবং চেয়ারম্যান হিসেবে যে সময় পুরসভার দায়িত্বে ছিলাম পুজোর চার দিন থেকে শুরু করে বিসর্জনপর্ব সবেতেই পুরসভার আলাদা ভূমিকা ছিল। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে পুজো কমিটি গুলিকে জল সরবরাহ, বিসর্জনে সহযোগিতা করা এবং বিসর্জন হওয়ার পরই কাঠামো তুলে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। এবার তো পুজো জুড়ে পুরুলিয়া পুরসভার ভূমিকাই কার্যত দেখা যায়নি। এবার পুকুরগুলির ঘাট থেকে যে কাঠামো তুলে সরিয়ে রাখতে হবে সে বিষয়ে কারো উদ্যোগ দেখা যাচ্ছে না।  নিজস্ব চিত্র