নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু উত্তরবঙ্গ নয়। রাজ্যের প্রতিটি জেলা থেকেই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির তথ্য তলব করল রাজ্য। পঞ্চায়েত দপ্তরের তরফে জেলা প্রশাসনের কাছে এই তথ্য তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনও ব্যক্তির বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে তাঁকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা খাতের অর্থ ব্যবহার করে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মডেল অনুসরণ করেই সমতুল অর্থ দেওয়া হবে। সেই কারণেই এখানে পঞ্চায়েত দপ্তরের বড়ো ভূমিকা থাকার কথা রয়েছে। সেই কারণেই, প্রতিটি জেলার তথ্য তলব করা হয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গে বিপর্যয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ডিভিসি জল ছাড়া এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও ক্ষতিগ্রস্ত বাড়ি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।



