নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের কোনও বাসিন্দাকে ভিন রাজ্য থেকে আটক করে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারীর তকমা দিয়ে ‘পুশব্যাক’ করার আগে রাজ্য সরকারকে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হোক, এটাই চাইছে নবান্ন। কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত বার্তা পাঠানো হবে বলে রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার চাইছে, কোনও ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করে পুশব্যাক করার আগে যেন তাঁর নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি ঠিকমতো যাচাই করা হয়। পাশাপাশি কোনও রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হলে তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য আগে সেখানকার কর্তৃপক্ষ যেন রাজ্য সরকারকে জানায়, সেই নির্দেশ কেন্দ্রীয় সরকার দিক। রাজ্য সরকার তখন ওই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নিয়ে রিপোর্ট পাঠাবে। তখন কোনও ব্যক্তি প্রকৃত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলে তবেই তাঁকে যেন বাংলাদেশে পুশব্যাক করা হয়।



