সংবাদদাতা, মেখলিগঞ্জ: আসন্ন কালীপুজোকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) সুকেশ জৈন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী, কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব, পুলিশ সুপার মনীশ যোশী-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
প্রতিবছরের মতো এবারও চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকায় বেশ কয়েকটি বড় বাজেটের কালীপুজোর আয়োজন করা হচ্ছে। সম্প্রতি চোরবাগানের দুর্গাপুজোয় ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মাথায় রেখে চ্যাংরাবান্ধায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই প্রশাসনের এই বিশেষ তৎপরতা বলে জানা গিয়েছে। এদিন প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন কালীপুজোর মণ্ডপ ঘুরে প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি, পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। এরপর চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকার ধরলা নদীর ছটপুজোর ঘাটও পরিদর্শন করেন তাঁরা।
উত্তরবঙ্গ পুলিশের আইজি সুকেশ জৈন জানান, কালীপুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। পুজো উদ্যোক্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পুজো উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কালীপুজোকে কেন্দ্র করে যাতে কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।



