


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আট হাজারের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে (ডব্লুউবিএইচআরবি) এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার দায়িত্ব দেওয়া হয়েছে।
এই তালিকা অনুযায়ী ১৮৪৮ জন চিকিৎসক ও ৫০১৮ জন নার্সের শূন্যপদ পূরণ করা হবে। এই ১৮৪৮টি চিকিৎসক পদের মধ্যে ১২২৭টি পদ হল জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের। বাকি ৬২১টি পদে নিয়োগ করা হবে বিশেষজ্ঞ চিকিৎসক বা স্পেশালিস্টদের।
ডব্লুউবিএইচআরবি সূত্রের খবর, এই ৬২১টি স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসক পদের মধ্যে আবার দুই ধরনের চিকিৎসকদের নেওয়া হবে। এক ধরনের চিকিৎসকরা হলেন স্পেশালিস্ট বা এমডি-এমএস পাশ চিকিৎসক। দ্বিতীয় ধরনের চিকিৎসকরা হলেন সুপারস্পেশালিটি পড়াশোনা করা ডাক্তার। অর্থাৎ ডিএম-এমসিএইচ উত্তীর্ণ। এছাড়া ছ’শোর বেশি মেডিক্যাল টেকনোলজিস্ট, ৩৫০ জন ফার্মাসিস্ট, ৩১ জন রেডিওফিজিসিস্ট পদেও নিয়োগ করবে রাজ্য।
ডব্লুউবিএইচআরবি’র চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় বলেন, ৪৭ ধরনের চিকিৎসবিদ্যা শাখায় ডাক্তার নিয়োগ করা হবে। বিভিন্ন পদে আরও য়োগ হবে। সবমিলিয়ে ৮ হাজারেরও বেশি। যত দ্রুত সম্ভব নিয়োগ সম্পন্ন করা হবে।
বোর্ড সূত্রের খবর, ৫০১৮টি গ্রেড টু, স্টাফ নার্স পদের মধ্যে বেসিক বিএসসি নার্সিং পদে ২৩৩০ জন, পোস্ট বেসিক বিএসসি ২৫২ জন, জিএনএম মহিলা নার্স ২০৯২ জন এবং ৩৪৪ জন জিএনএম পুরুষ নার্স নিয়োগ করা হবে। সহকারী অধ্যাপক তথা বিশেষজ্ঞ চিকিৎসক পদে সবসুদ্ধ ৪৭টি চিকিৎসাবিদ্যার শাখা মিলিয়ে ৬২১ জনকে নেওয়া হচ্ছে। এর মধ্যে জেনারেল মেডিসিন (৪৮), অ্যানাসথেসিওলজি (৪৭) ও জেনারেল সার্জারির (৪৩) সহকারী অধ্যাপক পদে সবথেকে বেশি বিশেষজ্ঞ নিযুক্ত হবেন। ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৩ সেপ্টেম্বর দুপুর ২টোর মধ্যে চিকিৎসক ও নার্স পদে আবেদনের জন্য অনলাইনে আবেদন করার কথা বলা হয়েছে।
এইসব পদ ছাড়াও বেলুড়ে চালু হওয়া রাজ্যের প্রথম সরকারি যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ, বিভিন্ন নার্সিং কলেজ, রাজ্য ড্রাগ ল্যাবরেটরির একাধিক শূন্যপদে লোক নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। জলপাইগুড়ির ফার্মাসি কলেজের প্রফেসর, বিভিন্ন সরকারি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার (পূর্বতন ওয়ার্ডমাস্টার), অডিওলজিস্ট ও স্পিচ প্যাথোলজিস্ট পদেও রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রস্তাবমতো কর্মী নিয়োগ হবে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে।