Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ বালি খাদানের বিরুদ্ধে কড়া নবান্ন, জেলাগুলিকে বন্ধের নির্দেশ

নবান্নের কড়া বার্তা সত্ত্বেও এখনও কিছু জেলায় রমরমিয়ে চলছে বালি চোরাচালান।

অবৈধ বালি খাদানের বিরুদ্ধে কড়া নবান্ন, জেলাগুলিকে বন্ধের নির্দেশ
  • ১৯ এপ্রিল, ২০২৫ ১৮:০৪
Prefer us on Google

কলকাতা, ১৯ এপ্রিল: নবান্নের কড়া বার্তা সত্ত্বেও এখনও কিছু জেলায় রমরমিয়ে চলছে বালি চোরাচালান। শনিবার উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক বৈঠকে এনিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

এদিন নবান্নে মোট ১২টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। তাতে সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিটি জেলার জেলাশাসক ও সহকারী জেলাশাসকরা। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়। সূত্রের খবর, কয়েকটি জেলায় অবৈধ বালি খাদানের রমরমা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যসচিব। কড়া হাতে তা বন্ধের জন্য প্রতিটি জেলার জেলাশাসককে নির্দেশ দেন তিনি। পাশাপাশি জলাভূমি ভরাটের কোনও ঘটনা সামনে এলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

এখন গ্রীষ্মকাল হলেও বর্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে কোথাও কোনও দুর্যোগ ঘটলে সঙ্গে সঙ্গে দুর্গতদের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়ার  উপরে জোর দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে প্রতিটি জেলাকে। এছাড়াও বর্ষা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে ৫ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নবান্নে চলবে বিপর্যয় মোকাবিলার বিশেষ কন্ট্রোল রুম। নবান্ন সূত্রে খবর, সীমান্ত এলাকা উন্নয়নের জন্য বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে বরাদ্দ অর্থের ইউসি চেয়েছে কেন্দ্র। জেলাশাসকদের তা দ্রুততার সঙ্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ