নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করল অর্থদপ্তর। অর্থদপ্তর বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সরকারি দপ্তরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং আধিকারিকরা (ডিডিও) বকেয়া ডিএ বিল করতে পারবেন। এইচআরএমএস পোর্টালের মাধ্যমে কীভাবে এই প্রক্রিয়াটি হবে তা বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ব্যাপারে এসওপি দেওয়া হয়েছে। বকেয়া ডিএ মেটানোর জন্য গত ১৩ মার্চ অর্থদপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছিল তার ভিত্তিতেই প্রক্রিয়া চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিশেষ নজরদারি কমিটির সুপারিশের ভিত্তিতে বকেয়া ডিএ কিস্তি দিচ্ছে রাজ্য সরকার।



