Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাস দুর্নীতি মামলায় পুরানো রিপোর্ট জমা, হাইকোর্টের রোষের মুখে রাজ্য

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বাংলা আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় দেড় বছরের বেশি পুরানো রিপোর্ট পেশ করে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য

আবাস দুর্নীতি মামলায় পুরানো রিপোর্ট জমা, হাইকোর্টের রোষের মুখে রাজ্য
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বাংলা আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় দেড় বছরের বেশি পুরানো রিপোর্ট পেশ করে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য।   ২০১৯ সালে জয়নগর-২ ব্লকে বাংলা আবাস যোজনার অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল। অভিযোগ, এমন ২৪ জনকে প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, যাঁদের বেশির ভাগেরই পাকা বাড়ি রয়েছে। পাশাপাশি প্রকৃত প্রাপকদের নাম পরিবর্তন করে অন্য নামে যোজনার অর্থ প্রদান করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় ২০২৩ সালে এই মামলায় তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ রিপোর্ট তলব করে। সেই রিপোর্টে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছিল রাজ্য। এরপর ওই অর্থ পুনরুদ্ধারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে নির্দেশ দিয়েছিল আদালত। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের আইনজীবী একটি রিপোর্ট পেশ করেন। দেখা যায়, সেটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখের রিপোর্ট। যা দেখে রীতিমত ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এরপরই বিষয়টি নিয়ে ১৮ সেপ্টেম্বরের মধ্যে জেলাশাসককে সঠিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় বেঞ্চ। অন্যথায় জেলাশাসককে ডেকে পাঠানোরও হুঁশিয়ারি দিয়েছে আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ