Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য ভিত্তিক লড়াইটা আলাদা, দেশের স্বার্থে একত্রে লড়ছি বিজেপির বিরুদ্ধে: খাড়্গে

ঝটিকা সফরে কলকাতায় এসে বিজেপি বিরোধী লড়াইয়ের সুর সপ্তমে নিয়ে গেলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে

রাজ্য ভিত্তিক লড়াইটা আলাদা, দেশের স্বার্থে একত্রে লড়ছি বিজেপির বিরুদ্ধে: খাড়্গে
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝটিকা সফরে কলকাতায় এসে বিজেপি বিরোধী লড়াইয়ের সুর সপ্তমে নিয়ে গেলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের নির্বাচনি ইস্তাহার প্রকাশ করে বিজেপিকে তুমুল আক্রমণ করেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় মানুষের দুর্ভোগ এবং বিজেপির গোপন উদ্দেশ্যটাও স্পষ্টভাবে জানান খাড়্গে। তবে বাংলায় কংগ্রেসের একা লড়াইয়ের মূল উদ্দেশ্য সম্পর্কে তৃতীয় বিকল্পের কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে। 

Advertisement

ইস্তাহারের মাধ্যমে ‘বিধান রায়ের বাংলা’ গড়ার শপথ নিয়েছে কংগ্রেস। পাঁচটি বিষয়কে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে। কংগ্রেসের ঘোষণা, তারা ক্ষমতায় এলে চালু করবে ‘দুর্গা সম্মান’ (প্রতিমাসে ২০০০ টাকা ভাতা),  ‘বিধান স্বাস্থ্য সুরক্ষা’ (১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা), ‘যুব সম্মান’ (একবছরের মধ্যে সরকারি দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ করার প্রকল্প), ‘শিক্ষার আলো’ (স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা) এবং ‘কৃষক সম্মান’ (বছরে ১৫ হাজার টাকা ও বিনামূল্যে মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ)।
খাড়্গে বলেন, অনেকদিন পর আমরা বাংলায় সব আসনে লড়াই করছি। তাই মানুষের কাছে একটা বিকল্প তুলে ধরা হচ্ছে। তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির ভাগাভাগির রাজনীতির বাইরে আমরা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং কৃষক সম্মানে সর্বাধিক গুরুত্ব দিয়েছি।
প্রসঙ্গত, সিপিএমের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করে কংগ্রেস এবার একলা লড়াই করছে বিধানসভা ভোটে। তবে আবার এটাও লক্ষণীয় ‘ইন্ডিয়া’ জোটে কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গেই রয়েছে। বাংলায় আলাদা লড়াইয়ের কারণ প্রসঙ্গে খাড়্গের ব্যাখ্যা, কেরল হোক বা পশ্চিমবঙ্গ, রাজ্যভিত্তিক বিষয়টি আলাদা। রাজ্যের কংগ্রেস নেতাদের ইচ্ছা অনুসারেই আমরা আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। আবার দেশের প্রয়োজনে তৃণমূলসহ বিজেপি বিরোধী দলগুলি একজোট হয়েও লড়াই করছে। 
যদিও আসন লাভের কোনো পরিসংখ্যান বা টার্গেট জানাননি মল্লিকার্জুন। ঝটিকা সফরে তাঁর বক্তব্যের সারকথা, বিজেপির বিরুদ্ধে জোর লড়াই দেবে কংগ্রেস। খাড়্গে বলেন, বিজেপি সব জায়গায় অন্যায়ভাবে ক্ষমতা দখল করতে চাইছে। তার জন্য কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি নির্বাচন কমিশনেরও অপব্যবহার করছে। চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার। হিন্দু-মুসলমানেও ভাগাভাগি করছে ওরা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ঘৃণার বাতাবরণ তৈরির চেষ্টা করছেন। এসবের বিরুদ্ধেই আমাদের লড়াই।
প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশ বলেন, কুড়ি বছর পর আবার কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে একা লড়াই করছে। এটা বুস্টার ডোজ। কংগ্রেসে নতুন 
অক্সিজেন এসেছে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তৃতীয় রাস্তা দেখানো হচ্ছে। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ