বলি পাড়ায় হাতেখড়ি হচ্ছে সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরের। সৌজন্যে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’। তবে এবার আর সিনেমা নয়, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় প্রজেক্ট দেখা যাবে ওটিটি মাধ্যমে সিরিজরূপে। শোনা যাচ্ছে, নবাগত পরিচালক রিমা মায়া পরিচালিত এই সিরিজে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শানায়া। সম্ভবত, দুই বোনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ছ’পর্বের এই সিরিজের শ্যুটিং। মুম্বইয়ে ৩০ দিন ধরে শ্যুট হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ওটিটি মাধ্যমে দেখা যাবে শানায়া অভিনীত সিরিজটি। ‘স্টুডেন্ট...’ ফ্র্যাঞ্চাইজির হাত ধরে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতারিয়া, অনন্যা পান্ডের মতো তারকারা ডেবিউ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবার দ্বৈত চরিত্র দেখা যাবে। তাই শানায়াকে নিয়ে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলি পাড়ায়। ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখছেন শানায়া। এছাড়াও আদর্শ গৌরবের সঙ্গে ‘তু ইয়া ম্যায়’ নামক সার্ভাইভাল থ্রিলারে কাজ করবেন অভিনেত্রী। আগামী বছর ফেব্রুয়ারিতে সেটি মুক্তি পাবে। পাশাপাশি অভয় ভর্মার সঙ্গেও একটি ছবিতে কাজ করবেন তিনি।



