সংবাদদাতা, করিমপুর: মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের সাংসদ তহবিলের টাকায় করিমপুর রেগুলেটেড মার্কেট মাঠে একটি স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। এই খবরে এলাকার সকলেই খুশি। করিমপুরে একটি স্টেডিয়াম তৈরির দাবি দীর্ঘদিন থেকে এলাকার মানুষ জানিয়ে আসছিলেন। স্থানীয়রা জানান, এখানে একাধিক খেলার মাঠ থাকলেও একটি স্টেডিয়াম ছিল না। এতদিনেও করিমপুরে কোনও স্টেডিয়াম না হওয়ায় বিরোধী রাজনৈতিক দলগুলি কটাক্ষ করত। হতাশ হয়েছিলেন এলাকার আমজনতা। ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি সকলের ধারণা ছিল, স্টেডিয়ামের স্বপ্নটা সম্ভবত কৃষ্ণনগর-করিমপুর রেলপথ নির্মাণের মতো অধরা থেকে যাবে। এমনকী ২০২১-এর বিধানসভার ভোটেও শাসকদল তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি ছিল স্টেডিয়াম।
Advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবু তাহেরের সাংসদ তহবিলের টাকায় করিমপুর রেগুলেটেড মার্কেট মাঠে একটি স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। ওই মাঠে সাংসদ তহবিলের প্রায় ষাট লক্ষ টাকা ব্যয় করে স্টেডিয়ামের গ্যালারি, বৈদ্যুতিক ব্যবস্থা ও আসবাব তৈরি করা হবে। করিমপুর ১ ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে এই কাজ হবে এবং একটি সংস্থাকে ওই কাজের বরাত দেওয়া হয়েছে। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সুজিত বিশ্বাস বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সীমান্তবর্তী করিমপুর ক্রীড়া সংস্থার অধীনে বহু ক্লাব রয়েছে। বছরভর এখানে বিভিন্ন রকম খেলা হয়। জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র বিভাগের ফুটবল কিংবা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও স্কুল পর্যায়ের প্রচুর খেলা করিমপুর মাঠে হয়। কিন্তু এতদিন কোনও স্টেডিয়াম না থাকায় সেই মাঠে নজরদারির সমস্যা হতো। স্টেডিয়াম তৈরি হলে মাঠে করিমপুর এবং আশপাশের বিভিন্ন এলাকার আরও বেশি ছেলেমেয়ে খেলায় উৎসাহ পাবে এবং আরও বেশি প্রতিভার বিকাশ ঘটবে। মুরুটিয়া সবুজ সঙ্ঘের সম্পাদক মিঠুন দাস বলেন, সীমান্তের অনেক ভালো খেলোয়াড় খেলার মাঠের অভাবে এবং সঠিক প্রশিক্ষণ না পাওয়ার কারণে পিছিয়ে পড়ে। এবার নতুন একটি স্টেডিয়াম হলে বাইরে থেকে অনেক ভালো প্রশিক্ষক আসবেন। ভালো প্রশিক্ষকের কাছে যেমন খেলার তালিম নিতে পারবেন, পাশাপাশি বড় বড় খেলোয়াড় এখানে খেলতে এলে তাঁদের থেকেও অনেক কিছু শিখতে পারবে।
সাংসদ আবু তাহের খান জানান, ওই এলাকার মানুষজন, বিশেষ করে যারা খেলাধুলো করে, তারা বহুদিন থেকে ওখানে একটি স্টেডিয়ামের দাবি জানিয়ে আসছিল। সমস্যা দূর করার জন্য এমপি ল্যাড থেকে টাকাটা দিয়েছি। আশা করি, স্টেডিয়াম তৈরি হয়ে গেলে জেলার ক্রীড়াবিদদের উন্নতি হবে। এব্যাপারে বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরজিৎ জোয়ারদার বলেন, সাংসদ তহবিলের টাকা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে দেওয়া হয়। এটা কোনও দল বা ব্যক্তির টাকা নয়। এই স্টেডিয়াম অনেক আগেই তৈরি হওয়া উচিত ছিল। আগের সাংসদরা কেউ সেই উদ্যোগ নেননি। তবে দেরিতে হলেও এলাকার বিশেষ করে খেলার সাথে যুক্ত মানুষ উপকৃত হবেন।