Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সংসদ সভাপতির উপস্থিতিতে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি বৈঠক উত্তরপাড়ায়  

সংসদ সভাপতির উপস্থিতিতে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি বৈঠক উত্তরপাড়ায়
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে শুক্রবার উত্তরপাড়ার গণভবনে বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পুরনো পদ্ধতিতে এটাই শেষ পরীক্ষা। তাই সংসদ কর্তৃপক্ষ এবার বাড়তি তৎপর। এদিনের বৈঠকে পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত নানা প্রসঙ্গে আলোচনা হয়েছে। সূত্রের খবর, প্রশ্নপত্র ‘লিক’ হয়ে যাওয়ার অভিযোগ যাতে এবার না ওঠে, তার জন্য এবার বিশেষ পদক্ষেপ করছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনেই এবার প্রশ্নপত্রের নিরাপত্তা মোড়ক খোলা হবে। তার জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। এবারও থাকছে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। তারপরই কেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। তবে, এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে হুগলি জেলায়। জেলা শিক্ষা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে ছাত্রছাত্রীদের বয়স নিয়ে একটি সমস্যার জেরে উচ্চ মাধ্যমিকেপ জন্য নথিভুক্তিকরণ কম হয়েছিল। সেই কারণে পরীক্ষার্থীর সংখ্যা এবারে কম হয়েছে। পাশাপাশি, রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য এখনও বিশ্লেষণ করা হয়নি বলেও মোট পরীক্ষার্থীর সংখ্যা এখনও সংসদ চূড়ান্ত করতে পারেনি। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যয় বৈঠকে ছিলেন। তিনি বলেন, ‘বয়সের গেরোয় শিক্ষার্থী নথিভুক্তির সমস্যা গোটা রাজ্যেই হয়েছে। হুগলি জেলায় আলাদা কোনও সমস্যা নেই। পুরাতন পদ্ধতিতে শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করতে যাবতীয় পরিকল্পনা করা হয়েছে। জেলার ৫১টি মুখ্য কেন্দ্রের সঙ্গে ৯৬টি সহ-কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ