নয়াদিল্লি: আম্বেদকর ইস্যুতে গত বৃহস্পতিবার সংসদ চত্বরে বেনজির ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন বিজেপি ও কংগ্রেস সাংসদরা। পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করে বিজেপি। পাল্টা অভিযোগ জানায় কংগ্রেসও। শুক্রবার দু’টি অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হল ক্রাইম ব্রাঞ্চের হাতে। এই ঘটনায় ইতিমধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিস। যা নিয়ে প্রত্যাশিতভাবে দাদা রাহুলের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের বিরুদ্ধে এফআইআরকে ‘মোদি সরকারের হতাশার বহিঃপ্রকাশ’ বলে এদিন কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, দেশের মানুষ বি আর আম্বেদকরের অপমান সহ্য করবে না। একথা বুঝতে পেরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কেন্দ্রে শাসকদল।



