নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর: দিল্লিতে সংসদ ভবনের কাছেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের! ক্রিসমাসের দিনে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ, বুধবার দুপুরে রেল ভবনের কাছেই একটি পার্কে গায়ে আগুন লাগিয়ে সংসদ ভবনের দিকে দৌড়তে শুরু করেন ওই যুবক। যদিও মাঝপথেই রাস্তায় পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিস। ওই যুবককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিস সূত্রে খবর, যুবকটির শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক। যুবকটির নাম জীতেন্দ্র। সে উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’পাতা চিঠির পোড়া অংশ। যদিও ওই চিঠিতে কী লেখা রয়েছে বুঝতে পারেননি দিল্লি পুলিসের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে পেট্রলের বোতলও উদ্ধার হয়েছে। কিন্তু কী কারণে ওই যুবক গায়ে আগুন লাগিয়ে সংসদ ভবনের কাছেই আত্মহত্যার চেষ্টা করলেন? তদন্ত করে দেখছে দিল্লি পুলিস। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
Advertisement



