সুরাত: আবর্জনার স্তূপে আগুন জ্বালানো হয়েছিল। সেখানেই খেলায় মত্ত ছিল পাঁচটি শিশু। কিছুক্ষণের মধ্যে তিনজনের মৃত্যু হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার বিকেলের এই মর্মান্তিক ঘটনাটি গুজরাতের সুরাতের। মৃতদের নাম দুর্গা, অমিতা ও অনিতা মাহাত। প্রাথমিক তদন্ত অনুযায়ী, জ্বলন্ত আবর্জনার স্তূপ থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই এই বিপত্তি। পুলিস জানিয়েছে, ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষা শেষে মৃত্যু কারণ স্পষ্ট হবে। আরও জানা গিয়েছে, ঘটনার আগে কয়েকটি শিশু আইসক্রিম খেয়েছিল। এই পরিস্থিতিতে খাবারে বিষক্রিয়ার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
পুলিস সূত্রের খবর, শচীন এলাকার পালি গ্রামে খেতের মধ্যে থাকা আবর্জনায় আগুন লাগানো হয়েছিল। আগুনের কাছেই খেলছিল দুর্গারা। বিষাক্ত গ্যাস শরীরে যেতেই শুরু হয় বমি। দেখতে দেখতে প্রত্যেকে অজ্ঞান হয়ে যায়। শচীনের পুলিস ইনসপেক্টর জে আর চৌধুরীর কথায়, ‘আগুনের আশেপাশে খেলার মাঝে পাঁচজন শিশু অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে এমনটা হয়েছে।’ সুরাত সিভিল হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেতন নায়েক জানান, কয়েকজন আইসক্রিম খেয়েছিল। আইসক্রিম থেকেও বিষক্রিয়া হয়ে থাকতে পারে।



