Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সরাসরি মুখ্যমন্ত্রী: রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানালেন গ্রাহক

সরাসরি মুখ্যমন্ত্রী: রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানালেন গ্রাহক
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রেশন ঠিক মতো না পাওয়ায় ডিলারের বিরুদ্ধে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে নালিশ ঠুকলেন গ্রাহক। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর ১ ব্লকের আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের কাষ্ঠমহলে। অভিযোগকারী দীপঙ্কর সর্দার বলেন, দুয়ারে রেশন প্রকল্পে এলাকার বাসিন্দারা ঠিকমতো খাদ্যসামগ্রী পাচ্ছিলেন না। আমিও বঞ্চিত ছিলাম। এমনকী নিম্নমানের আটা ও ময়দা দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে রেশন ডিলার অভিজিৎ নস্করকে জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এরপরই দীপঙ্করবাবু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে নালিশ জানান।
Advertisement
এদিকে, বিষয়টি জানতে পেরে অভিযোগকারীর বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই রেশন ডিলারের বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সুরাহা পেতে তাই বুধবার বিষ্ণুপুর থানা এবং ব্লক অফিসে অভিযোগ জানিয়েছেন দীপঙ্করবাবু। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রেশন ডিলারের বিরুদ্ধে ‘মাস মপিটিশন’ জমা পড়েছে প্রশাসনের কাছে। তিনি এলাকায় তৃণমূলের বুথ সভাপতি পদে আছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিজিৎবাবু। তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। কাউকে কোনও হুমকি বা খারাপ খাদ্যসামগ্রী আমি দিইনি।
সম্পর্কিত সংবাদ