সংবাদদাতা, নবদ্বীপ: প্রতি বছরই নবদ্বীপের মৃৎশিল্পীদের তৈরি সরস্বতী প্রতিমার চাহিদা তুঙ্গে থাকে। তাই দুর্গাপুজো ও রাসের পর থেকেই এখানে সরস্বতী প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে এবছর দেরিতে অর্ডার মেলায় নবদ্বীপের মৃৎশিল্পীরা লক্ষ্মীলাভের আশায় রাতদিন জোরকদমে সরস্বতী প্রতিমা তৈরি শুরু করেছেন। জানা গিয়েছে, একসময় এখানকার সরস্বতী প্রতিমা ট্রেনে বা অন্যান্য বাহনে চেপে ভাগলপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ, ক্লাব ও বারোয়ারির উদ্দেশ্যে পাড়ি দিত। কিন্তু এখন আর প্রতিমা আগের মতো বাইরে যায় না। তবুও এখনও এখানকার কয়েকজন শিল্পীর তৈরি প্রতিমার চাহিদা বাইরে রয়েছে। পাশাপাশি নবদ্বীপ সহ আশপাশের এলাকাগুলিতে আগের তুলনায় পুজোর সংখ্যা অনেক বেড়েছে। ফলে প্রতিটি শিল্পীর কারখানায় প্রতিমা তৈরিতে এখন চূড়ান্ত ব্যস্ততা।
Advertisement
বৈষ্ণব তীর্থ নবদ্বীপে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। এই শহরে আড়াইশো থেকে তিনশো মানুষ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত আছেন। সারা বছর কমবেশি নবদ্বীপের মৃৎশিল্পীদের কারখানায় বিভিন্ন মাটির মূর্তি তৈরি হয়। নবদ্বীপে দুর্গাপুজো ও রাসের পর দীর্ঘ সময় তেমন কোনও বড় উৎসব থাকে না। তখন অধিকাংশ শিল্পীরই তেমন অর্ডার থাকে না। ফলে, প্রায় দু’মাস তাদের বসেই থাকতে হয়। তবে সেই অবসর সময়ে অধিকাংশ শিল্পীই ছোট বড় বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করে রাখেন। আর সেই রেডিমেড সরস্বতী প্রতিমা কিনতে নবদ্বীপ সহ পার্শ্ববর্তী জেলার মানুষ মৃৎশিল্পীদের কারখানায় ভিড় জমান।



