সংবাদদাতা, কালনা: কালনায় সরস্বতী পুজো শেষ হতে এখনও কয়েকদিন বাকি। এরই মধ্যে তিনদিনে প্রায় পৌনে দু’কোটি টাকার মদ বিক্রি হল। মদ বিক্রেতাদের দাবি, বাকি দিনে বিক্রি আড়াই কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা অতীতের সরস্বতী পুজোয় মদ বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে দেবে। কালনা সার্কেলে ১৯টি সরকারি মদের দোকান রয়েছে। তার মধ্যে শহর ও লাগোয়া এলাকায় রয়েছে আটটি দোকান। ১ জানুয়ারি থেকে কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো ঘিরে উৎসবের মেজাজ। ৬ জানুয়ারি বিসর্জনের কার্নিভালের মাধ্যমে উৎসব শেষ হবে। সরকারি হিসেব অনুযায়ী, ১-৩জানুয়ারি পর্যায়ক্রমে ৩৮লক্ষ, ৫৫লক্ষ ও ৭৫লক্ষ টাকার মদ বিক্রি হয়। কালনার আবগারি দপ্তর জানিয়েছে, এই সার্কেলে চোলাই বিক্রি রুখতে ব্যাপক নজরদারি ও ধরপাকড়ের জেরে সরকারি দোকানে মদ বিক্রি বেড়েছে। বৃহস্পতিবার কালনা শহরে বিসর্জনের শোভাযাত্রা হবে। এবার ৯টি ক্লাব ও প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাথুরিয়া মহলের লায়ন ক্লাব। এবার তাদের পুজোর ২৬তম বর্ষ। সুন্দর প্রতিমা ও বিসর্জনের শোভাযাত্রা এই ক্লাবের পুজোর মূল আকর্ষণ। আলোর রোশনাইয়ের সঙ্গে সামাজিক সচেতনতার থিম, বাজনা ও কালনা সহ জেলার বিভিন্ন প্রাচীন ঐতিহ্য মডেলের মাধ্যমে বিসর্জনের শোভাযাত্রায় তুলে ধরা হবে। এছাড়া, শোভাযাত্রায় জিউধারার শিবশক্তি ক্লাব, লক্ষ্মণপাড়ার ঐক্যতান, ঠাকুরপাড়ার কল্পনা সমিতি, সাউসরকার মোড়ের ক্লাব হেরিটেজ, ক্লাব ডায়মন্ড, মৈত্রী সঙ্ঘ, নিউ ভারতমাতা, অগ্রদূত ক্লাব শোভাযাত্রায় অংশ নেবে। শহরের মূল রাস্তা দিয়ে শোভাযাত্রা পরিক্রমা করবে। শোভাযাত্রার নিরাপত্তায় শহরজুড়ে কড়া পুলিসি নজরদারি থাকছে। সাদা পোশাকে পুলিস মোতায়েন থাকবে।



