Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সরস্বতী মূর্তির চাহিদা বেড়েছে পালপাড়ায় শেষ মুহূর্তের ব্যস্ততা 

সরস্বতী মূর্তির চাহিদা বেড়েছে পালপাড়ায় শেষ মুহূর্তের ব্যস্ততা 
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: মাঝে হাতে গোনা আর কয়েকটা দিন। তারপর বাণী বন্দনায় মেতে উঠবেন আমবাঙালি। শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব থেকে গৃহস্থের বাড়িতে বাড়িতে পূজিতা হবেন বিদ্যার দেবী সরস্বতী। এদিকে ঠিক সময়ে উদ্যোক্তাদের কাছে প্রতিমা পৌঁছে দিতে এই মুহূর্তে পালপাড়ায় চরম ব্যস্ততা। শিল্পীরা নাওয়াখাওয়া ভুলে দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন। গত দুই বছরের তুলনায় চলতি বছরে প্রতিমার চাহিদা বেশি থাকায় মুখে হাসি ফুটেছে সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী থেকে ব্যবসায়ী মহলে। জিয়াগঞ্জ শহরের প্রতিমা শিল্পী রাজকুমার সাউ এবছর ছোট বড় মিলিয়ে প্রায় তিনশো সরস্বতী প্রতিমার বায়না পেয়েছেন। এর মধ্যে বেশ কয়েকটি ২০-২৫ হাজার টাকা মূল্যের প্রতিমা রয়েছে। রাজকুমার সাউ বলেন,  চাহিদা থাকায় বায়নার বাইরেও প্রায় পঞ্চাশটি ঠাকুর তৈরি করছি। মাটি, খড় সহ কাঁচামালের দাম এবং মিস্ত্রি ও লেবারের পারিশ্রমিক বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ বেড়েছে। সেই কারণে প্রতিমার মূল্যও বাড়াতে হয়েছে। যদিও খদ্দেররা হাসি মুখে তা মেনে নিচ্ছেন। তবে প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক আগের তুলনায় কমেছে। লালবাগের প্রতিমা শিল্পী বিজয় সরকার বলেন, লালবাগ শহরে ক্লাবের পাশাপাশি পাড়ায় পাড়ায় এবং গৃহস্থের বাড়ির পুজো বেড়েছে। ফলে গত বছরের তুলনায় দ্বিগুণ প্রতিমার বরাত পেয়েছি। কাঁচামালের দাম বাড়লেও গত বছর পর্যন্ত খদ্দেররা বেশি দাম দিতে চাইছিলেন না। এবছর অবশ্য ওই সমস্যাটা নেই। 
Advertisement
নবগ্রামের পলশন্ডায় প্রতিমা শিল্পী মাধব পাল বলেন, বছরের অন্য সময় চাষের কাজ করলেও এই সময়ে বাড়তি রোজগারের আশায় দেড় দশকের বেশি সময় ধরে সরস্বতী ঠাকুর তৈরি করছি। তবে এবছর সবচেয়ে বেশি প্রতিমার অর্ডার পেয়েছি। লালবাগের এক পুজো উদ্যোক্তা বলেন, আমাদের দুর্গাপুজো হয় না। সেই কারণে ধূমধামের সঙ্গে সরস্বতী পুজো হয়ে থাকে। তবে করোনার পর আর্থিক সঙ্কটের কারণে গত তিন বছর কম বাজেটের পুজো হয়েছিল। গত বছর থেকে বিগ বাজেটের পুজো হচ্ছে। এদিকে পুজো উপলক্ষ্যে নাকুড়তলায় মেলা বসছে। জিয়াগঞ্জের এক দশকর্মা ব্যবসায়ী বলেন, এবছর বেচাকেনা বেশ ভালো। লালবাগের গাঁদাফুল চাষি বিজন মণ্ডল বলেন, সরস্বতী পুজোয় গাঁদাফুলের ভালো চাহিদা থাকে। ফলে ভালো দাম পাওয়া যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ