Bartaman Logo
২৭ মে, ২০২৬

সরকারি অনুষ্ঠানেও মোদির নিশানায় কং

সরকারি অনুষ্ঠানেও মোদির নিশানায় কং
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভোপাল: সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি। বিপাকে পড়ে তারা পাল্টা কংগ্রেসকে আক্রমণের কৌশল নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যসভায় শাহর ওই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ড্যামেজ কন্ট্রোলে আসরে নামতে হয়েছিল। কিন্তু বিরোধীরা দেশজুড়ে প্রতিবাদে সরব। এই পরিস্থিতিতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেও আম্বেদকর ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন মোদি। বুধবার মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশে কেন-বেতোয়া নদী সংযোগ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মোদি বলেন, ‘দেশের জল সম্পদের বিকাশে আম্বেদকরের অবদানের কথা ভুলে গিয়েছে কংগ্রেস।’  গত মঙ্গলবার রাজ্যসভায় শাহ বলেন, ‘আজকাল এক ফ্যাশন হয়েছে। সারাক্ষণ আম্বেদকর... আম্বেদকর... আম্বেদকর...। এতবার যদি ঈশ্বরের বন্দনা করতেন, সাত জন্মের স্বর্গবাসের পুণ্য অর্জন হয়ে যেত!’ শাহের এই বিতর্কিত মন্তব্য নিয়ে দেশব্যাপী প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে আম্বেদকরকে উপেক্ষার অভিযোগে ফের সরব হলেন মোদি। এদিন খাজুরাহতে মোদি বলেন, দেশের জল সম্পদের উপযুক্ত ব্যবহারে আম্বেদকর কতটা দূরদর্শী ছিলেন, তা জলাধার তৈরির সিদ্ধান্ত থেকেই প্রমাণিত।  এদিন খানদোয়া জেলায় ওমকারেশ্বর ফ্লোটিং সোলার প্রজেক্টের ভার্চুয়াল সূচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেন-বেতোয়া নদী সংযোগ প্রকল্পের অংশ হিসেবে দেরাদুন ইরিগেশন প্রোজেক্টেরও শিলান্যাস করেন তিনি। এদিকে, এই প্রকল্প নিয়ে পরিবেশের ক্ষতির আশঙ্কা করল কংগ্রেস। এই প্রকল্প বাস্তবায়িত হলে, পান্না ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ