Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সংরক্ষিত হবে রাজ্যের ডেটা সেন্টারে

সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সংরক্ষিত হবে রাজ্যের ডেটা সেন্টারে
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের  যাবতীয় ‘ডেটা’ বা তথ্য রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারে সংরক্ষণ করা হবে। এতদিন দিল্লির জাতীয় ডেটা সেন্টারে এই প্রকল্পের সমস্ত তথ্য সংরক্ষণ করা হতো। সেই ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, আগামী দিনে রাজ্য সরকারের নিজস্ব খরচে যে সব প্রকল্প চলে, সেগুলির ডেটা রাজ্যের নিজস্ব ‘ওয়েষ্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার’এ সংরক্ষণ করা হবে। কৃষকবন্ধু, আবাস, কন্যাশ্রী সহ বেশ কয়েকটি  সামাজিক প্রকল্প পুরোপুরি রাজ্য সরকারের টাকায় চলে। 
Advertisement
তথ্য স্থানান্তর করলেও আগের সব তথ্যের ‘ব্যাক আপ’ জাতীয় ডেটা সেন্টারে রাখতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বেলা ১২টা পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালটি ব্যবহার করা যাবে না। শুধু সুবিধাপ্রাপকরা ওই সময়ে তাঁদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্তর্বর্তী সময়ে সুবিধা প্রাপকরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অন্তর্বর্তী সময়ে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পটি কীভাবে চলবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সুবিধা প্রাপক ও চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যাতে এই সময়ে অসুবিধায় না পড়ে, তার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হয়েছে। 
সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সেই এসওপি পাঠিয়ে দিয়েছে অর্থদপ্তর। সুবিধা প্রাপক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি পোর্টাল খুলে এনরোলমেন্ট সার্টিফিকেট দেখতে পাবেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে রিলিজ হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে জানানো হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ