তিনি বাঙালির আইকন। বাংলার দাদা। দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি নিয়ে জল্পনা ছড়িয়েছে বলি পাড়ায়। বাস্তবের দাদাকে পর্দায় ফুটিয়ে তুলবেন কোন অভিনেতা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল এতদিন। অবশেষে মিলল জবাব। দিলেন স্বয়ং সৌরভ। জানালেন, পর্দায় তাঁর ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। বেশ কিছুদিন আগে থেকেই এ বিষয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে তাতেই সিলমোহর দিলেন সৌরভ। তবে শ্যুটিংয়ের সময়সূচি নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে। এর জন্য ছবিটি মুক্তি পেতে প্রায় এক বছরের বেশি সময় লাগতে পারে বলে খবর। সম্প্রতি এক অনুষ্ঠানে রাজকুমার রাওয়ের বিষয়ে মুখ খুলেছেন সৌরভ। আর কারা এই ছবিতে থাকবেন, তা নিয়ে এখনও কিছু প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, এর আগে এই ছবিতে আয়ুষ্মান খুরানাকে মুখ্য চরিত্রে দেখা যাবে বলে শোনা গিয়েছিল।



