Bartaman Logo
২৭ মে, ২০২৬

সুপ্রিম কোর্টে স্থগিত পার্থর জামিনের রায়

সুপ্রিম কোর্টে স্থগিত পার্থর জামিনের রায়
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বুধবার জামিন মামলার শুনানির পর্যবেক্ষণে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রবল সমালোচনা করল। পার্থবাবুর হয়ে আইনজীবী মুকুল রোহতগি এদিনই জামিন আদায় করার প্রাণপণ চেষ্টা করেন। তিনি জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্য প্রায় সব অভিযুক্তই জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট যা যা শর্ত দেবে পার্থবাবু তা অক্ষরে অক্ষরে মানবেন। কিন্তু ইডির আইনজীবী তথা দেশের অতিরিক্ত সলিসেটর জেনারেল এস ভি রাজু আদালতে জানান, পার্থবাবু অন্য অভিযুক্তদের থেকে আলাদা। আর তা শুনেই দুই বিচারপতির বেঞ্চের পার্থবাবুর উদ্দেশ্যে মন্তব্য, রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। তাই খোদ তাঁর বিরুদ্ধেই যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, তা মোটেই অন্যদের সঙ্গে এক নয়। বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘সব সময় যে নিজের নামেই কেউ আর্থিক লেনদেন করেন, এমন নয়। তবে অবশ্যই আবেদন বিবেচনা করব। রায় রিজার্ভ রাখা হচ্ছে।’ অন্যদিকে, বিজেপি নেতা কবীরশঙ্কর বসুর বিরুদ্ধে তদন্তের মামলা সিবিআইয়ের হাতে সঁপে দিল সুপ্রিম কোর্ট। কবীর হলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই। তৃণমূল কর্মীদের মারধর এবং এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে ২০২০ সালে কবীরের বিরুদ্ধে মামলা করেছিল পশ্চিমবঙ্গ পুলিস। বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ