নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। আজকের পরিবর্তে আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালত। এদিন মামলার শুনানির জন্য প্রস্তুত ছিল উভয় পক্ষই। ঠিক ছিল আজ দুপুর ৩টের সময় শুরু হবে মামলার শুনানি। তালিকার শেষের দিকেই ছিল এই মামলা। অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে এদিন বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। জানা যাচ্ছে, মূলত তার জেরেই পিছিয়ে গিয়েছে এই মামলার শুনানি। তবে আজ শুনানি না হলেও আগামীকাল, বুধবার সকাল সাড়ে ১০টায় এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আগামীকাল মামলার শুনানির তালিকায় আর জি কর মামলাকে দিনের প্রথম মামলা হিসেবে রাখার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এই মামলার শুনানিতে ধর্ষণ-খুন, আর্থিক দুর্নীতি এই দুটি বিষয়েই সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, ওই শুনানিতে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর মতো বিষয়েও সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সেই প্রশ্নগুলির জবাবই রাজ্যের পক্ষ থেকে আজ হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল।



