Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সুপার স্পেশালিটি থেকে নিখোঁজ রোগী উদ্ধার

সুপার স্পেশালিটি থেকে নিখোঁজ রোগী উদ্ধার
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি থাকা পশ্চিম মেদিনীপুরের এক রোগী হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে নিঁখোজ হয়ে গিয়েছিলেন।  পরিবারের লোকজন দু’দিন ধরে হন্যে হয়ে চারদিকে খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে ওন্দার কাটাবাড়ি এলাকায় রাস্তার ধারে ঝোপ থেকে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করেন। পরিবারে স্বস্তি ফিরে আসে। রোগীর নাম বাপি দুলে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার মজুরডিমায়। মঙ্গলবার সকালে হাসপাতালে পেটের এক্স-রে করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পুলিস জানিয়েছে, হাসপাতাল থেকে নিখোঁজ ব্যক্তিকে কাটাবাড়ি এলাকায় পাওয়া গিয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে হচ্ছে। 
Advertisement
বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, একজন রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী পুলিসকে জানানো হয়। পরে জেনেছি, তাঁকে পাওয়া গিয়েছে। 
বাপিবাবুর ছেলে আকাশ দুলে বলেন, মঙ্গলবার সকালে বাবা নিখোঁজ হন। বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পাই যে, এক ব্যক্তিকে কাটাবাড়ি এলাকায় দেখা গিয়েছে। তারপর সেখানে গিয়ে দেখি, রাস্তার ধারে ঝোপের মধ্যে বাবা বসে রয়েছে। মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় চোট রয়েছে। তাঁকে ফের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক মাথায় ব্যান্ডেজ বেঁধে দেন। পরে অবশ্য বাবাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। বাবা হাসপাতাল থেকে কেন চলে গিয়েছিল বলতে পারব না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ