Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সফট্‌ বলের রাজ্য পুরুষ ও মহিলা দলে মালদহের ১০ খেলোয়াড়

সফট্‌ বলের রাজ্য পুরুষ ও মহিলা দলে মালদহের ১০ খেলোয়াড়
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: জাতীয় সিনিয়র সফট্‌ বল টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ রাজ্য দলে সুযোগ পেলেন মালদহেরই ১০ জন বাসিন্দা। তাঁদের প্রত্যেকেই জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী। উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্য সফট্‌ বল পুরুষ ও মহিলা টিমের দু’জন কোচও মালদহেরই বাসিন্দা। সিনিয়র ন্যাশনাল সফট্‌ বল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের নাগপুরে। জেলা থেকে রাজ্য দলে সুযোগ পাওয়া সফট্‌ বল খেলোয়াড়রা ২০ ফেব্রুয়ারি মালদহ থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন।
Advertisement
সফট্‌ বল খেলার সঙ্গে শুরুর থেকে যুক্ত প্রশিক্ষক অসিত পাল বলেন, এই খেলাটি অনেকটাই বেসবলের মতো। প্রতিটি দলে ন’জন করে খেলোয়াড় থাকেন। খেলাটি অল্প বয়সি ছেলেমেয়েদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। মালদহের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এই খেলায় আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের পারফরম্যান্সও যথেষ্ট ভালো। নিজেদের দক্ষতা প্রমাণ করেই তাঁরা রাজ্যের হয়ে জাতীয় সিনিয়র সফট্‌ বল চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। রাজ্য সিনিয়র সফট্‌ বল পুরুষ দলে সুযোগ পেয়েছেন সাউথ মালদহ কলেজের ছাত্র কৌশিক সাহা, কালিয়াচক কলেজের পড়ুয়া বিবেক মণ্ডল, একটি ক্রীড়া প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যুক্ত অমিত পাল, মালদহ রেলওয়ে হাইস্কুলের ছাত্র তন্ময় বিশ্বাস এবং দমকল দপ্তরের কর্মী সোনারুল ইসলাম। এঁরা সকলেই মালদহের বাসিন্দা। রাজ্য পুরুষ দলের কোচ নির্বাচিত হয়েছেন মালদহের মুরসালিম শেখ।
অন্যদিকে, রাজ্য মহিলা সফট্‌ বল দলের হয়ে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করবেন মালদহ কলেজের তিন ছাত্রী কিরণ দাস, রিয়া রায় এবং নিশা মণ্ডল। তাঁদের সঙ্গে মালদহের কুলসুম পারভিন ও গৌড় কলেজের ছাত্রী সুনীতা চৌধুরী রাজ্য সফট্‌ বল দলের হয়ে নাগপুর যাচ্ছেন। রাজ্য মহিলা সফট্‌ বল দলের কোচ নির্বাচিত হয়েছেন মালদহেরই সুস্মিতা কর। রাজ্য সফট্‌ বল দলে মালদহের এক ঝাঁক খেলোয়াড় সুযোগ পাওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। 
Advertisement
সম্পর্কিত সংবাদ